জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে অনুস্বরের ‘মূল্য অমূল্য’

‘মূল্য অমূল্য’ নাটকের একটি দৃশ্য
মুনাফাভিত্তিক রাষ্ট্র, সমাজ আর বাজার অর্থনীতির আগ্রাসনে ভেঙেপড়া যৌথ পারিবারিক বোধের চরম মূল্য চুকানোর গল্প ‘মূল্য অমূল্য’। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাট্যদল অনুস্বর প্রযোজিত এ নাটক।
আর্থার মিলারের ‘দ্য প্রাইস’ অবলম্বনে নাটকটির ভাবানুবাদ করেছেন অসিত মুখোপাধ্যায়। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। এটি অনুস্বরের তৃতীয় প্রযোজনা।
নাটকে দেখা যাবে, বাবার ব্যবহৃত পুরনো আসবাবপত্র নিলামে বিক্রি করছে দুই পুত্র রঞ্জু ও মঞ্জু। তাদের মধ্যে উপস্থিত চতুর নিলামদার খোদাবক্স। কিন্তু মূল উদ্দেশ্য ছাপিয়ে বিপরীতমুখী চরিত্রের দুই ভাইয়ের মধ্যে শুরু হয় অতীত নিয়ে দ্বিধা, বর্তমান নিয়ে হতাশা আর ভবিষ্যৎ ঘিরে টানাপড়েন।
তাদের ব্যক্তিত্বের এই দ্বন্দ্ব আর যুক্তি-তর্কের মধ্যে উঠে আসে আদর্শিক পাকচক্র, লোভ, শঠতা, অনিশ্চয়তা, ষড়যন্ত্র আর হতাশাগ্রস্ত সময়ের বয়ান। অপরাধবোধ সবাইকে একসময় দাঁড় করিয়ে দেয় সময়ের আয়নার সামনে।
সম্পর্কের মধ্যেও কি তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন আসে জয়-পরাজয়ের? নাকি তা টিকিয়ে রাখার চেষ্টায় কাউকে কাউকে চুকাতে হয় জীবনের মূল্য অমূল্য? এমন জিজ্ঞাসা সামনে রেখে এগিয়ে যায় নাটকটি। এতে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, সাইফ সুমন, ফরিদা লিমা প্রমুখ।




