ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবে বাংলাদেশের তিন সিনেমা

সংগৃহীত ছবি
পঞ্চম ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবের সেরা ১০ প্রকল্পের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। এগুলো হলো— মুশফিকা মাসুদের ‘আই অ্যাম শি’, রাজিব রাফির ‘গোল্ডেন সোয়ান’ এবং ইদিলা ফারিদ তুরিনের ‘কোলি’। ২০২৭ সালের ১২ থেকে ১৫ জানুয়ারি আয়োজিত হবে এ আয়োজন।
ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবের এবারের সেরা ১০ প্রকল্পে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, কিরগিজস্তান ও জাপানের প্রকল্প রয়েছে। বাংলাদেশের বাইরে নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ভারতের ‘চুপি’, এর পরিচালক কেতন কুরিল। নেপালের নির্বাচিত দুটি প্রকল্প হলো ইউনেশ তিমালসিনার ‘মোটর’ এবং বিভু পাউডেলের ‘ইন বিটুইন দ্য মাউন্টেনস অ্যান্ড স্কাই’। শ্রীলঙ্কার নির্বাচিত প্রকল্প দুটির মধ্যে রয়েছে দিনোসওয়ারান বালাসিরির ‘অলিভিলাক্কু’ ও দিনেশ বালাসিরির ‘সিলন’।
এ ছাড়া কিরগিজস্তান থেকে সেজিম আদিরানোভার ‘আসিরান্ডি’ এবং জাপান থেকে ফুমি নিশিকাওয়ার ‘ফোর লেগড’ সেরা ১০ প্রকল্পে জায়গা করে নিয়েছে। অর্থাৎ সেরা ১০ প্রকল্পের মধ্যে বাংলাদেশের তিনটি, নেপালের দুটি, শ্রীলঙ্কার দুটি এবং ভারত, কিরগিজস্তান ও জাপানের একটি করে প্রকল্প রয়েছে।






