সুরে-উল্লাসে শিরোপার রাত

গ্রাফিকস: আগামীর সময়
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে উন্মাদনায় মেতে উঠেছে গোটা বিশ্ব। সেই আবহে ঢাকা জুড়েও থাকছে মেগা পাবলিক স্ক্রিনিং, ফ্যান ফেস্ট, কনসার্ট ও নানা আয়োজন। বিস্তারিত জানিয়েছেন মীর রাকিব হাসান
‘ফাইনাল কিকঅফ’
রিশকা কানেক্টস ও টিকিফাই এক্সপেরিয়েনস যৌথভাবে আয়োজন করছে ‘কার্পে ডিয়েম ফাইনাল কিকঅফ’। আয়োজকরা জানিয়েছেন, থাকবে ৬০ ফুটের বিশাল এলইডি স্ক্রিন। সন্ধ্যা ৭টা থেকে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে প্রবেশদ্বার। অনুষ্ঠান চলবে গভীর রাত পর্যন্ত। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হবে জমকালো প্রি-ম্যাচ সেলিব্রেশন। এ পর্বে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, রক সংগীতশিল্পী ফিরোজ জং, ডিজে রিয়ন, ডিজে সাদমান, মিঠুন দাস, নৃত্যদল রেনেসাসসহ আরও কয়েকজন শিল্পী ও পারফরমার।
ফাইনালের শেষ বাঁশি বাজার পরও শেষ হবে না অনুষ্ঠান। মঞ্চে উঠবে ব্যান্ড দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং শিল্পী জেসিয়া ইসলাম। জয়-পরাজয় ভুলে দর্শকদের সঙ্গে রাতভর উদ্যাপনই হবে এ আয়োজনের মূল আকর্ষণ। এ ছাড়া পুরো ভেন্যু জুড়ে থাকবে ফুটবল ফ্যান পার্ক, বিভিন্ন ফুড স্টল, ফটো তোলার বিশেষ কর্নার এবং দর্শকদের অংশগ্রহণে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম। আয়োজকদের মতে, পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল উপভোগের জন্য এটি হবে একটি অনন্য অভিজ্ঞতা। এই আয়োজনে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।
‘দ্য ফাইনাল হুইসেল’ আয়োজনে গাইবেন মিলা
ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় রাতকে ঘিরে বিশেষ আয়োজন করেছে হুংকার। এক্স ফোর্স প্রেজেন্টস: দ্য ফাইনাল হুইসেল শিরোনামের এই আয়োজনে বিশাল পর্দায় সরাসরি দেখানো হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। শুধু খেলা দেখা নয়, দর্শকদের জন্য থাকছে জনপ্রিয় সংগীতশিল্পী মিলার বিশেষ পরিবেশনা। পাশাপাশি উপস্থিত থাকবেন মডার্নওটাকু। আয়োজনে আরও থাকছে নানা
ধরনের ইন্টারঅ্যাকটিভ অ্যাক্টিভিটি, আকর্ষণীয় গিভঅ্যাওয়ে এবং বিশ্বকাপের উন্মাদনায় ভরপুর উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানটি হবে গ্রিনভিল আউটডোরস, ১০০ ফিট মাদানী অ্যাভিনিউয়ে। এই ইভেন্টের প্রবেশদ্বার দর্শকদের জন্য খুলে দেওয়া হবে সন্ধ্যা ৭টায়।
মিরপুরে কনসার্ট, ডিজে ও ফায়ারওয়ার্কস
বিশ্বকাপ ফাইনালকে আরও বর্ণিল করে তুলতে রাজধানীর মিরপুর-১-এর মল্লিক টাওয়ারে আয়োজন করা হয়েছে আরেকটি বড় স্ক্রিনিং উৎসব। এই আয়োজনে রাত ৮টা ৩০ মিনিটে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে। রাত ১০টা ৩০ মিনিটে লাইভ পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড অ্যাভয়েডরাফা। এরপর রাত ১১টা ৩০ মিনিট থেকে মঞ্চে উঠবেন ডিজে সারান ও ডিজে ওয়াহিদ। তাদের পারফরম্যান্সের সঙ্গে চলবে লেজার শো, বিশাল ফায়ারওয়ার্কস এবং আলোকসজ্জা। রাত ১টায় বিশাল পর্দায় শুরু হবে বিশ্বকাপ ফাইনালের সরাসরি সম্প্রচার। এ ছাড়া দর্শকদের জন্য থাকবে ফেস পেইন্টিং, ফটোবুথ, ফান গেমস, লাইভ ডিজে জোন, বিশ্বকাপ থিমের সাজসজ্জা এবং আরও অনেক বিনোদনমূলক কার্যক্রম। অনলাইনে টিকিট কিনে সরাসরি ভেন্যুতে প্রবেশ করা যাবে। টিকিটের দাম রাখা হচ্ছে ৭০০ ও ১ হাজার টাকা।
বনানীতে ‘ফ্যান ফেস্ট ২.০’, গাইবেন সঞ্জয় দেব
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে চলছে ছয় দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’। ফাইনালের দিন সন্ধ্যা থেকেই শুরু হবে আয়োজন। এই ফ্যান ফেস্টের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে আজ থাকছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব। সঞ্জয়ের লাইভ পারফরম্যান্সের পর ডিজে জুডু মঞ্চে উঠে দর্শকদের নাচ-গানে মাতিয়ে তুলবেন। এরপর বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত ফাইনাল। ফাইনালের দিনের টিকিটের মূল্য ৭০০ টাকা।
বড় পর্দায় ফাইনাল দেখার আয়োজন
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। ঢাকায় টিএসসি, হাজী মুহম্মদ মহসীন হল, জগন্নাথ হল, মিরপুর সিটি ক্লাব মাঠ, মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ড, বনানীর কামাল আতাতুর্ক পার্ক, মোহাম্মদপুর, ধানমন্ডি ও পশ্চিম রামপুরাসহ বিভিন্ন স্থানে দর্শকরা একসঙ্গে ম্যাচ উপভোগ করতে পারবেন। এছাড়া প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল আমারি, লে মেরিডিয়েন, ক্রাউন প্লাজা, লেকশোর গ্র্যান্ডসহ কয়েকটি পাঁচতারকা হোটেল এবং গুলশানের এলিট কনভেনশন হল, তেজগাঁওয়ের আর্টিসান ওয়াচ পার্টি ও মিরপুরের আইসিসিএল কনভেনশন হলেও বড় পর্দায় ফাইনাল দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তবে এসব স্থানে প্রবেশের জন্য নির্ধারিত টিকিট বা ফি পরিশোধ করতে হবে। অন্যদিকে, প্রেক্ষাগৃহেও থাকছে ফাইনাল দেখার বিশেষ আয়োজন। নারায়ণগঞ্জের কাঁচপুরের চাঁদ মহল সিনেমা হল, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস এবং বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে সরাসরি ফাইনাল ম্যাচ প্রদর্শন করা হবে। লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে চারটি স্ক্রিনেই ম্যাচ দেখানো হবে। অনেকেই আগেভাগেই দলবেঁধে ১০ থেকে ১৫টি করে টিকিট কিনে রেখেছেন। মধুবন সিনেপ্লেক্সে টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ থেকে ৩০০ টাকা। আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকাপের শেষ লড়াই ঘিরে প্রতিটি ভেন্যুই দর্শকে পরিপূর্ণ থাকবে।




