আমাদের ইন্ডাস্ট্রি এখন টং দোকান হয়ে যাচ্ছে: মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ
মা হওয়ার পর বদলে গেছে অভিনেত্রী মৌসুমী হামিদের জীবন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘যাপিত জীবন’। সাক্ষাৎকার নিয়েছেন পান্থ আফজাল
মা হওয়ার পর আপনার জীবন কতটা বদলেছে?
পুরো জীবনটাই বদলে গেছে। সারাক্ষণ ওহীকে (মৌসুমীর ছেলে) নিয়ে ব্যস্ত থাকতে হয়। সময় কোন দিক দিয়ে চলে যায়, টেরই পাই না। আগে যখন ইচ্ছা পাহাড়-সমুদ্রে চলে যেতাম। এখন আর সেভাবে পারছি না। তবে আমার মনে হয়, এ সময় খুব বেশি দিন থাকবে না। ও আরেকটু বড় হলে ওকে সঙ্গে নিয়েই ঘুরতে বের হব।
ছেলের নাম ওহী রাখার পেছনের গল্প?
পুরো নাম ওহী বিন ওয়াদুদ। ওহী নামটি আমার আম্মুর দেওয়া। আগে অন্য একজনের জন্য ভেবেছিলেন, কিন্তু তারা রাখেননি। আমি মজা করে বলেছিলাম, ‘অন্যের জন্য রাখা নাম আমাকে দিচ্ছ!’ তবে নামটি ওর বাবার খুব পছন্দ।
মা হতে গিয়ে বেশ কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে শুনেছি।
আমাকে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা লেবার পেইন সহ্য করতে হয়েছে। চেষ্টা করেছিলাম স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে। কিন্তু কিছু জটিলতার কারণে শেষ পর্যন্ত সিজার করতে হয়।
অনেকের ধারণা, বিয়ে কিংবা মা হলে অভিনেত্রীর ক্যারিয়ার থেমে যায়।
আমার মনে হয়, এই ট্যাবু শুধু আমাদের দেশেই বেশি। আন্তর্জাতিক অঙ্গনে তো আমরা দেখছি, অভিনেত্রীরা সন্তান জন্ম দেওয়ার পরও কাজ করছেন। দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীও মা হওয়ার পর কাজ করছেন। ড্যাকোটা জনসনসহ অনেক অভিনেত্রীকে গর্ভাবস্থায় সিনেমার প্রচারণায় অংশ নিতে দেখেছি। তাহলে আমাদের এখানে কেন এমন ধারণা থাকবে যে, মা হলেই ক্যারিয়ার শেষ?
অভিনয়ে কবে ফিরবেন?
আরও কিছুদিন সময় নেব। তবে টুকটাক কাজ করছি। আপনার সঙ্গে এ আড্ডাও তো একটা কাজ। আমার সিনেমা মুক্তি পাচ্ছে, সেটাও একটা কাজ। ধীরে ধীরে ফিরব।
অভিনয়ের বাইরে ব্যবসায়ও যুক্ত হয়েছেন। আর্থিক নিরাপত্তার বিষয়টি কীভাবে সামলাচ্ছেন?
২০১৩ সালে কলকাতা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আমার হাত ভেঙেছিল। হাতে স্টিলের প্লেট বসাতে হয়েছিল। ছয় মাস কোনো কাজ করতে পারিনি। মিডিয়ার কেউ খোঁজ নেয়নি। তখন বুঝেছিলাম, নিজের আর্থিক নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। এরপর স্টার্টআপ এক্সেলেরেট টেকনোলজিস লিমিটেডে বিনিয়োগ করেছি। প্রতিষ্ঠানটি মূলত মিডিয়া বাইং ও বিজ্ঞাপন নিয়ে কাজ করে। ব্যবহারকারীকে ইন্টারনেট ব্যবহারের আগে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন দেখতে হয়। সেখান থেকেই আয় হয়। মাতৃত্বকালীন ছুটিতে থাকলেও প্রতিষ্ঠানের যোগাযোগ ও অন্যান্য কাজে যুক্ত আছি।
দেশের বিনোদনশিল্পের বর্তমান অবস্থা কেমন দেখছেন?
আমাদের ইন্ডাস্ট্রি ছোট হতে হতে এখন অনেকটা টং দোকানের মতো হয়ে যাচ্ছে। গুটিকয়েক মানুষই কাজ করছেন। সিন্ডিকেট, তেলবাজি, স্বজনপ্রীতি— এসব তো আছেই। আছে পরিকল্পনার অভাব। দর্শকের রুচি, কনজ্যুমার বিহেভিয়ার বা ডেটা অ্যানালাইসিস নিয়ে আমরা যথেষ্ট কাজ করি না। কোন ধরনের গল্প দর্শক দেখতে চান, সেটা বোঝার চেষ্টা না করেই ভিউ আর ভাইরাল নিয়ে মেতে থাকি। কাজের মধ্যে বৈচিত্র্য থাকা দরকার। একই ধরনের কাজ বারবার হলে ইন্ডাস্ট্রি বড় হবে কীভাবে?
‘যাপিত জীবন’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
‘যাপিত জীবন’ আমার কাছে বিশেষ একটি কাজ। সেলিনা হোসেনের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য তৈরি হয়েছে। যখন জানতে পারি আফজাল হোসেনের সঙ্গে আমার বেশিরভাগ দৃশ্য, প্রথমে মনে হয়েছিল তার সঙ্গে অভিনয়ের সুযোগ ভবিষ্যতে আবার পাব কি না, কে জানে! মনপ্রাণ দিয়ে কাজ করেছি। এই সিনেমায় আমি তার বড় ছেলের বউয়ের চরিত্রে অভিনয় করেছি।
ওজন বেড়ে যাওয়ায় ট্রল, অনুষ্ঠানে কেঁদে মেকআপ তুলে ফেললেন পাকিস্তানি অভিনেত্রী
২২ নভেম্বর ২০২৬
এখনকার জেনারেশন জেড অনেক কৌতূহলী। তারা অনেক বিষয়ে সচেতন। আমার মনে হয়, তারা যদি কৌতূহল থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস খুঁজতে শুরু করে, তাহলে অনেক কিছু জানতে পারবে। ‘যাপিত জীবন’ দেখলেও তারা ইতিহাসের অনেক তথ্য জানতে পারবে বলে আমার বিশ্বাস।
জেনারেশন জেডের কোন বিষয়টি আপনার ভালো লাগে?
তারা নিজেদের বিষয়ে অনেক বেশি সচেতন। মানসিক স্বাস্থ্য নিয়ে তাদের ভাবনা আছে। নিজেদের বোঝার চেষ্টা করে। তারা অনেক বেশি কৌতূহলীও। এসব বিষয় আমার ভালো লাগে।
সমসাময়িক ও নতুন প্রজন্মের অভিনেতাদের কাজ দেখেন?
অবশ্যই। শাকিব খানকে আমার এ সময়ের সবচেয়ে সুদর্শন অভিনেতাদের একজন মনে হয়। সিয়ামও বেশ হ্যান্ডসাম। রওনক হাসান অনেক অভিজ্ঞ অভিনেতা। নতুনদের মধ্যে খায়রুল বাসারের অভিনয় খুব ভালো লাগে। আমার বাসায় ‘ফিরে আসার গল্প’ নাটকটি নিয়মিত দেখা হয়।
অভিনয়ে আসার সময় কাউকে অনুসরণ করার ইচ্ছা ছিল?
মৌসুমী, অপি করিমের অভিনয় আমার খুব ভালো লাগত। তাদের মতো অভিনয় করতে চাইতাম।




