আগামীর সময়কে ভাগনার মোরার সাক্ষাৎকার
নিজেরই একটি সংস্করণ, বিভিন্ন চরিত্রে ফুটিয়ে তুলি

ভাগনার মোরা । ছবি: অস্কারের ওয়েবসাইট
ব্রাজিলিয়ান অভিনেতা ভাগনার মোরা ‘দ্য সিক্রেট এজেন্ট’ চলচ্চিত্রে অভিনয় করে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছেন এবং অস্কারে মনোনয়ন পেয়েছেন। সিনেমাটি প্রসঙ্গে জুমে তার সাক্ষাৎকার নিয়েছেন জনি হক
‘দ্য
সিক্রেট এজেন্ট’ অসাধারণ একটি চলচ্চিত্র। আর আপনার অভিনয় সত্যিই অনবদ্য।
(মৃদু হেসে) ধন্যবাদ।
‘দ্য
সিক্রেট এজেন্ট’ চলচ্চিত্রে মার্সেলো চরিত্রে আপনার উপস্থিতি আমাকে ভীষণভাবে মুগ্ধ
করেছে। এই চরিত্রের জন্য প্রস্তুতি নিতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করেছেন?
না। সম্প্রতি বিষয়টি আরও সচেতনভাবে উপলব্ধি করছি। আমি
মনে করি, অভিনয়জীবনের শুরু থেকেই আমি আসলে নিজেরই একটি সংস্করণকে বিভিন্ন চরিত্রে
ফুটিয়ে তুলি। অবশ্যই মানুষের আচরণ পর্যবেক্ষণ করি। এই চরিত্রের মধ্যে ক্লেবারের (পরিচালক
ক্লেবার মেনদোঁসা ফিলো) অনেকটা প্রভাব রয়েছে।
কাউকে
পর্যবেক্ষণ করলে অভিনয়ে কি তার প্রভাব চলে আসে?
কখনো কখনো এমনও
হয়, কারও সঙ্গে আগে দেখা হয়েছে, তার কোনো বৈশিষ্ট্য মনে থেকে যায় এবং সেটি চরিত্রে
চলে আসে। কিন্তু সবকিছুর কেন্দ্রে আসলে আমি নিজেই থাকি। নিজের আবেগ দিয়ে চরিত্রটিকে
অনুভব করি এবং ভাবি আমি যদি ওই চরিত্রের পরিস্থিতিতে থাকতাম, তাহলে কীভাবে প্রতিক্রিয়া
জানাতাম।
পরিচালক
ক্লেবার মেনদোঁসা ফিলোর সঙ্গে এটি আপনার প্রথম কাজ। আগে যেসব পরিচালকের সঙ্গে কাজ করেছেন,
তাদের তুলনায় ক্লেবারের মধ্যে কি আলাদা কোনো বৈশিষ্ট্য দেখেছেন?
অবশ্যই। আমি মনে করি না, প্রত্যেক পরিচালকেরই চলচ্চিত্র
সম্পর্কে গভীর জ্ঞান বা ‘সিনেফাইল’ হওয়া জরুরি। কিন্তু ক্লেবার একজন সত্যিকারের সিনেমাপ্রেমী।
চলচ্চিত্রে তিনি যে বিপুলসংখ্যক রেফারেন্স ব্যবহার করেন, সেটি আমাকে সবসময় মুগ্ধ করে।
শুধু আমেরিকান চলচ্চিত্র নয়, ব্রাজিলের সংস্কৃতির নানা উপাদান তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে
তার সিনেমায় মিশিয়ে দেন। এটাকে তার অসাধারণ একটি গুণ বলে মনে করি।
ক্লেবার
মেনদোঁসা ফিলোর আর কোন গুণ ভালো লেগেছে আপনার?
তিনি প্রতিটি দৃশ্যে এমন একধরনের পরিচিতির অনুভূতি তৈরি
করেন, এ বিষয়টিও আমার খুব ভালো লাগে। দেখে মনে হবে যেন এই মানুষগুলোকে আপনি আগে থেকেই
চেনেন, তাদের জীবন সম্পর্কে জানেন, তাদের সঙ্গে আপনার একধরনের আত্মীয়তা রয়েছে। একই
সঙ্গে তিনি চলচ্চিত্রে একধরনের রহস্যময় আবহ সৃষ্টি করেন, যা একেবারেই তার নিজস্ব।
আর সবচেয়ে বড় কথা, তার সিনেমায় যে-ই পর্দায় আসুক না কেন, প্রতিটি চরিত্রের প্রতিই
তিনি সমান যত্ন নেন। এমনকি কেউ যদি মাত্র একটি সংলাপ বলেও চলে যায়, তবু মনে হয় তিনি
একজন বাস্তব মানুষ। অবশ্য আরও কিছু পরিচালক আছেন যারা এটা করতে পারেন, কিন্তু ক্লেবারের
মতো দারুণভাবে কাউকে করতে দেখিনি।
আপনাকে
আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।
আপনাকেও অনেক
ধন্যবাদ।
ভাগনার মোরাকে নিয়ে দুছত্র
২০১৫ সালে নেটফ্লিক্সের
‘নারকোস’ সিরিজে মাদকসম্রাট পাবলো এস্কোবারের ভূমিকায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে
ব্যাপক প্রশংসা ও পরিচিতি পান ব্রাজিলিয়ান অভিনেতা ভাগনার মোরা। এতে অভিনয়ের জন্য
প্রথমবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান তিনি। ২০২৫ সালের রাজনৈতিক থ্রিলার
চলচ্চিত্র ‘দ্য সিক্রেট এজেন্ট’-এ একজন সাবেক অধ্যাপকের চরিত্রে অভিনয় করে ইতিহাস
সৃষ্টি করেন ভাগনার মোরা। তিনি প্রথম দক্ষিণ আমেরিকান অভিনেতা হিসেবে কান চলচ্চিত্র
উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। এরপর প্রথম ব্রাজিলিয়ান অভিনেতা হিসেবে গোল্ডেন
গ্লোবের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন এবং প্রথম ব্রাজিলিয়ান হিসেবে অস্কারে সেরা
অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন। চলতি বছর টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী
ব্যক্তির একজন নির্বাচিত হন তিনি।
‘দ্য সিক্রেট এজেন্ট’-এর গল্প
১৯৭৭ সালে ব্রাজিলে ২১
বছরের সামরিক শাসনের মাঝামাঝি সময়ের পটভূমিতে এ সিনেমার গল্প। এতে মার্সেলো চরিত্রে
অভিনয় করেছেন ভাগনার মোরা। তিনি উজ্জ্বল হলুদ রঙের গাড়ি চালিয়ে একটি শহরে আসেন। তার
এই উপস্থিতির কারণ জানা যায় ধীরে ধীরে। সিনেমায় দেখানো হয়েছে মানুষ কীভাবে নিষ্ঠুর
বাস্তবতাকে মেনে নিয়ে তার ভেতরেই বাঁচতে শেখে।










