কারিনাকে বাঁচাতে জমি বিক্রির চেষ্টা করছেন বাবা কায়সার হামিদ

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন। লিভারজনিত জটিলতায় এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
কারিনার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য মেয়েকে ভারত বা সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা চলছে। তবে বিপুল চিকিৎসা ব্যয় পরিবারের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
কায়সার হামিদ বলছেন, “আমরা তাকে চিকিৎসার জন্য ভারত বা সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এতে বিশাল অঙ্কের টাকার প্রয়োজন। এর আগে আমার আরেক ভাই ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুই বছর তার চিকিৎসায় পরিবারের অনেক টাকা খরচ হয়েছে। এখন এ মুহূর্তে এত টাকা জোগাড় করা আমাদের জন্য প্রায় অসম্ভব।”
তার ভাষ্য, চিকিৎসার খরচ জোগাড় করতে জমি বিক্রির চেষ্টাও চলছে। তবে এতে সময় লাগছে। সরকার ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন তিনি। “এই মুহূর্তে আমার মেয়েকে সুস্থ করে তোলাটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সবার সহায়তা খুব দরকার,” মন্তব্য করেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, তার শরীরে সংক্রমণ দেখা দিয়েছে। একই সঙ্গে তিনি হেপাটাইটিস এ-তেও আক্রান্ত হন। অবস্থার দ্রুত অবনতি হয়ে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
হাসিখুশি ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য সামাজিক মাধ্যমে পরিচিত ছিলেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করতেন তিনি। ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬-এর মতো কাজের মাধ্যমে তিনি পরিচিতি পান।





