নিষেধাজ্ঞা দিয়েও পাকিস্তানি ধারাবাহিক দেখা থামানো যাচ্ছে না ভারতীয়দের

পাকিস্তানি ধারাবাহিকের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে ভারতেও। দেশটিতে পাকিস্তানি গান, সিনেমা ও ধারাবাহিক প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দর্শকদের আগ্রহ থামানো যাচ্ছে না। ভিপিএন ব্যবহার করে অনলাইনে ধারাবাহিক দেখা থেকে শুরু করে বড় পর্দায় আয়োজন করা হচ্ছে বিশেষ প্রদর্শনী বা ওয়াচ পার্টি। সম্প্রতি পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’ ঘিরে এমন উন্মাদনা দেখা গেছে ভারতের বিভিন্ন শহরে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তানি রোমান্টিক ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান। শুরুতে সর্বোচ্চ ৪৫ জনের জন্য আয়োজনটি পরিকল্পনা করা হলেও এতে অংশ নিতে ৭০০-এর বেশি আবেদন জমা পড়ে।
ভারতে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি অনুষ্ঠান ও গান নিষিদ্ধ। তা সত্ত্বেও প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে ধারাবাহিকটির দৃশ্য বিনিময়, পর্ব নিয়ে আলোচনা এবং প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা। অনলাইন আগ্রহের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হচ্ছে সরাসরি প্রদর্শনী ও ওয়াচ পার্টি।
ধারাবাহিকটির গল্পে জারিয়াব নামের এক তরুণী, তার শৈশবের ভালোবাসা জামিল এবং পরবর্তী সময়ে জারিয়াবের জীবনে শূন্যতা পূরণ করতে আসা আবু বকরকে ঘিরে ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। আবু বকর চরিত্রটি ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এমনকি বেঙ্গালুরুতে আগামী সপ্তাহান্তে ধারাবাহিকটির অন্তত দুটি প্রদর্শনী আয়োজনের কথা থাকলেও কর্তৃপক্ষের নজরে প্রচারপত্র আসার পর সেগুলো বাতিল করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা ও বাধা সত্ত্বেও দর্শকদের আগ্রহ কমেনি।
ধারাবাহিকটির ভক্তদের বিভিন্ন পেজ ও মন্তব্যে একটি উক্তি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’। অর্থাৎ, ধৈর্যের ফল নয়, চাই আবু বকর। উর্দু একটি প্রবাদকে মজার ছলে বদলে দেওয়া এই কথাটি চরিত্রটির প্রতি দর্শকদের ভালোবাসারই প্রকাশ।
বেঙ্গালুরুর এক ভক্ত রক্ষন্দা মুজিব বলেন, ‘আমরা সবাই আবু বকরের মতো একজনের অপেক্ষায় ছিলাম। তার সহানুভূতিশীল আচরণের কারণে আমি তাকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। আজকাল অধিকাংশ পুরুষের মধ্যে যে গুণটি অনুপস্থিত, সেটিই তার মধ্যে রয়েছে।’
নিষেধাজ্ঞা ও অনলাইন বাধা
ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধের ইতিহাস থাকলেও দীর্ঘদিন দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চালু ছিল। তবে গত এক দশকে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা ও অনুষ্ঠান করার ক্ষেত্রে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরও কঠোর হয়েছে।
২০২৫ সালের এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও অবনতি হয়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এরপর দুই দেশের মধ্যে চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি হয়।
এর পর থেকে ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে পাকিস্তানি গান, সিনেমা ও ধারাবাহিক নিষিদ্ধ করা হয়েছে। ইউটিউবেও পাকিস্তানি কনটেন্ট দেখার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে জাতীয় নিরাপত্তার কারণ উল্লেখ করেছে ভারত সরকার। চলতি সপ্তাহে নেটফ্লিক্সকে ভারতে পাকিস্তানের প্রথম ওই প্ল্যাটফর্মে প্রচারিত অনুষ্ঠান সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
তবে এসব বাধা দর্শকদের আগ্রহ কমাতে পারেনি। এই প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবে পাকিস্তানি ধারাবাহিক দেখতে ভিপিএন ও প্রক্সি ব্যবহার করছেন অনেকে। ২০২৫ সালের ৮ মে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার দিন ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়েছিল বলে জানিয়েছে পর্যবেক্ষক প্রতিষ্ঠান টপ১০ভিপিএন।
ভারতীয় দর্শকদের বড় অংশ পাকিস্তানি কনটেন্টের ভক্ত
পাকিস্তানি টেলিভিশন চ্যানেলগুলোর জন্য ভারতীয় দর্শক বড় বাজার হিসেবে বিবেচিত হচ্ছে। ‘দার-এ-নিজাত’ প্রচারকারী চ্যানেল এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজা বলেন, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশ ভারতীয়।
তিনি বলেন, ‘এ যুগে কনটেন্ট দেখার সুযোগ কঠিন করে তোলা যায়, কিন্তু তা পুরোপুরি বন্ধ করা যায় না।’
এর আগে ২০২২ সালের ধারাবাহিক ‘তেরে বিন’ এবং ২০২৪ সালের ‘কাভি ম্যায় কভি তুম’ ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পাকিস্তানি পরিচালক মেহরিন জাব্বার জানিয়েছেন, ‘ড. বাহু’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘দাম’-এর মতো তার ধারাবাহিক নিয়েও ভারতীয় দর্শকেরা যোগাযোগ করেন।
ভারত ও পাকিস্তানের সাংস্কৃতিক মিলের কারণে পাকিস্তানি ধারাবাহিকের গল্প, পারিবারিক আবহ ও চরিত্রগুলো ভারতীয় দর্শকদের কাছে সহজেই গ্রহণযোগ্য হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজার মতে, পাকিস্তানের বিনোদনশিল্পের নির্মাণমানও আগের তুলনায় উন্নত হয়েছে। তিনি বলছেন, ‘আমাদের কনটেন্ট এখন অনেক শক্তিশালী। এটি বাস্তবসম্মত, জীবনের কাছাকাছি, চিন্তা উদ্রেককারী এবং দর্শকদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে।’
সংস্কৃতি ভাঙছে সীমান্তের দূরত্ব
দিল্লির নীতিবিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, গত কয়েক বছরে ভারতীয়দের মধ্যে পাকিস্তানি টিভি অনুষ্ঠান, গান ও সামাজিক মাধ্যমের কনটেন্ট দেখার প্রবণতা বেড়েছে। প্রযুক্তির মাধ্যমে সাংস্কৃতিক যোগাযোগ সহজ হওয়ায় দুই দেশের মানুষের মধ্যে প্রচলিত ধারণা ও stereotypes ভাঙার সুযোগ তৈরি হচ্ছে।
পাকিস্তানি অভিনেত্রী ও সংগীতশিল্পী হানিয়া আমিরও ভারতে জনপ্রিয়। হানিয়ার সাম্প্রতিক গান ‘পাবলো’-তে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত অংশ নিয়েছেন।
পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া মনে করেন, এ ধরনের নিষেধাজ্ঞা খুব একটা কার্যকর হয় না। তিনি বলেন, ‘প্রযুক্তি বদলে যায়। প্রযুক্তি সীমান্ত ও নিষেধাজ্ঞাকে কম প্রাসঙ্গিক করে তুলছে। সরকার সংস্কৃতিকে নিষিদ্ধ করে, কারণ এটি দৃশ্যমান এবং সহজে সীমাবদ্ধ করা যায়। পাকিস্তানও একই কাজ করেছে। সেখানে কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ ছিল।’
তবে নিষেধাজ্ঞার মধ্যেও পাকিস্তানে বলিউডের চলচ্চিত্র পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে জনপ্রিয় ছিল। বিসারিয়ার ভাষায়, ‘ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সংস্কৃতি বড় ধরনের বন্ধন হিসেবে কাজ করেছে, দুই দেশ সেটা চেয়েছে কি না, তা বিবেচ্য নয়।’
সূত্র: আলজাজিরা






