রিহ্যাবে সিন্ডি ক্রফোর্ডের ছেলে প্রেসলির মৃত্যু

প্রেসলি গারবার ও সিন্ডি ক্রফোর্ড
ফ্যাশন ও বিনোদন বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্বখ্যাত সুপারমডেল সিন্ডি ক্রফোর্ড ও ব্যবসায়ী র্যান্ডি গারবারের জ্যেষ্ঠ পুত্র, উদীয়মান মডেল প্রেসলি গারবার।
লস অ্যাঞ্জেলেসের একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস মেডিক্যাল এক্সামিনারের কার্যালয়।
এই ঘটনার পর প্রেসলির পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যম ‘পিপল’-কে এক বার্তায় বলা হয়েছে, ‘পরিবারের এমন এক কঠিন ও বেদনাদায়ক সময়ে সবাই যেন তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখেন—এটাই আমাদের আকুল আবেদন।’ তবে প্রেসলির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জনসমক্ষে আনা হয়নি।
বিখ্যাত মডেল ও অভিনেত্রী কায়া গারবারের বড় ভাই প্রেসলি মাত্র ১৫ বছর বয়সেই বিশ্বখ্যাত মডেলিং এজেন্সি আইএমজির সঙ্গে যুক্ত হয়ে ফ্যাশন দুনিয়ায় পা রাখেন। এরপর মশিনো, ডলচে অ্যান্ড গাব্বানা, ক্যালভিন ক্লেইন ও সেলিনের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেল হিসেবে সুনাম কুড়ান তিনি।
তবে এই গ্ল্যামারের আড়ালে দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য ও তীব্র মাদকাসক্তির সাথে লড়াই করছিলেন প্রেসলি। ২০১৯ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তিনি নিজেকে শুধরাতে চিকিৎসা নেওয়া শুরু করেন।
শুধু তা-ই নয়, ২০২৪ সালে ‘মেন্টাল হেলথ মানডে’ শিরোনামে একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শুরু করে নিজের জীবনের লড়াইয়ের কথা তুলে ধরে তরুণ সমাজকে সচেতন করার চেষ্টা করছিলেন তিনি।
সম্প্রতি বিখ্যাত ‘ভোগ’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে বোন কায়া গারবার প্রেসলির জীবনের এই কঠিন লড়াই ও তাদের পরিবারের ওপর এর প্রভাব নিয়ে স্মৃতিচারণ করেছিলেন। শত চেষ্টা ও চিকিৎসার পরও প্রেসলির এই অকালপ্রস্থান কাঁদিয়ে গেল পুরো ফ্যাশন দুনিয়াকে।




