৪০ বছর বয়সে মা হলেন লেডি গাগা

সন্তান কোলে লেডি গাগা (বামে) হবু স্বামীর সঙ্গে (ডানে)
প্রথম সন্তানের মা হয়েছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা লেডি গাগা। মাইকেল পোলানস্কি লেডি গাগার এটাই প্রথম সন্তান। মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স বিষয়টি নিশ্চিত করেছে।
তবে নবজাতকের নাম, লিঙ্গ ও জন্মের তারিখ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো তিনজনকে একসঙ্গে দেখা গেছে। সেখান থেকেই তাদের সন্তান আগমনের খবর সামনে আসে।
লেডি গাগা ও মাইকেল পোলানস্কি বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। ২০২৪ সালে গাগা তাদের বাগদানের বিষয়টি প্রকাশ্যে আনেন। পেজ সিক্সের পক্ষ থেকে এ বিষয়ে গাগার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেননি।
লেডি গাগা ও মাইকেল পোলানস্কির ঘরে প্রথম সন্তান আসার খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় এসেছে মা হওয়ার বিষয়ে এই পপ তারকার পুরনো বক্তব্যগুলো। ৪০ বছর বয়সী গাগা এবং ৪২ বছর বয়সী উদ্যোক্তা মাইকেল পোলানস্কি ২০২৪ সালের মার্চ থেকে বাগদত্তা। সাম্প্রতিক মাসগুলোতে দুজনকেই অনেকটা আড়ালে থাকতে দেখা গেছে। এ কারণে সামাজিকমাধ্যমে তাদের সম্পর্কের অবস্থা নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল।
গাগার পুরো নাম স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোট্টা। আগস্টে উত্তর ক্যালিফোর্নিয়ায় এক ভক্তের সঙ্গে সেলফি তোলার সময় সর্বশেষ প্রকাশ্যে দেখা যায় তাকে। এর আগে মে মাসে লস অ্যাঞ্জেলেসের দ্য গ্রোভে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল এই তারকাকে।
এদিকে এপ্রিলে ‘দ্য মেহেম বল’ ট্যুর শেষ করেন গাগা। প্রায় ৯ মাস ধরে চলা এই সফরে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৮৬টি শো করেন তিনি। গাগার ঘনিষ্ঠ একটি সূত্র পেজ সিক্সকে জানিয়েছে, প্রায় ২২ বছর বয়স থেকে ব্যক্তিগত জীবন খুব একটা উপভোগের সুযোগ পাননি গাগা। ট্যুর শেষ হওয়ার পর তাই তিনি কিছুটা আড়ালে ছিলেন।
ওই সূত্রের ভাষ্য, গাগা ও পোলানস্কির সম্পর্ক ভালো এবং পোলানস্কি তার পাশে থাকায় গাগা খুশি। তাদের সম্পর্ককে ‘ভালোবাসায় ভরা নিরাপদ একটি জায়গা’ হিসেবেও উল্লেখ করা হয়।
পেজ সিক্সের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে গাগা ও পোলানস্কির সম্পর্ক শুরু হয়। ২০২৪ সালের এপ্রিলে তাদের বাগদান সম্পন্ন হয়। এর পর থেকেই মা হওয়ার ইচ্ছার কথা বিভিন্ন সাক্ষাৎকারে প্রকাশ্যে বলেছেন গাগা।
২০২৫ সালের মার্চে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গাগা বলেছিলেন, তিনি মা হওয়ার জন্য উচ্ছ্বসিত। তবে সন্তানকে নিজের পছন্দের জীবন বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
সন্তান এলে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য কীভাবে রাখবেন, তা নিয়েও সে সময় ভাবনার কথা জানিয়েছিলেন গাগা। তিনি প্রশ্ন তুলেছিলেন, নিজের শিল্পের প্রতি আবেগ ধরে রাখার পাশাপাশি জীবনের অন্য বিষয়গুলোর জন্য কীভাবে আরও জায়গা তৈরি করা যায়।
এরপর ২০২৫ সালের অক্টোবরে ‘দ্য স্টিফেন কলবার্ট শো’তে গাগা আরও স্পষ্ট করে বলেছিলেন, মা হওয়াই তার পরবর্তী বড় স্বপ্ন। অভিনয়, গানসহ অনেক কিছু করার সুযোগ থাকলেও মাতৃত্বকেই নিজের ‘পরবর্তী প্রধান চরিত্র’ হিসেবে দেখতে চান তিনি।





