জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

ভিডিও থেকে
গানে গানে দর্শক মাতাতে বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন দুই বাংলার দুই রক তারকা জেমস ও ‘ফসিলস’ ব্যান্ডের রূপম ইসলাম। সিডনিতে পৌঁছে জেমসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রূপম। প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। জেমসের সঙ্গে দেখা করে তার পা ছুঁয়ে সালাম করেছেন। এমন একটি ভিডিও নিজেই তার ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
ওই ভিডিওতে রূপম বলেছেন, ‘আমার পাশে দাঁড়িয়ে আছেন মহাগুরু, তাকে আমি মহাগুরু বলি। ছোটবেলা থেকে যার গান শুনে অন্য এক আমেজ পেয়েছি। শুধু আমার প্রজন্ম নয়— একটা গোটা দেশ, একটা গোটা প্রজন্ম, একটা গোটা ভাষা জেমস ভাইয়ের গানে প্রভাবিত।’
দীর্ঘদিন পর দেখা হওয়া নিয়েও কথা বলেছেন দুই শিল্পী। রূপম জানালেন, ২০০৭ সালে বাংলাদেশে জেমসের সঙ্গে দেখা হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরে ২০১১ সালের দিকে ঢাকার রক ফেস্টে প্রথমবার একসঙ্গে মঞ্চে উঠেছিলেন তারা। ভিডিওতে জেমস বললেন, ‘এবার আমাদের প্রচুর কথা হবে। সময় পাওয়া যাচ্ছে, কথাও হবে, ঘোরাঘুরিও হবে।’
সর্বশেষ ২০২৪ সালে ভারতের ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের কনসার্টেও একই মঞ্চে পারফর্ম করেছিলেন জেমস ও রূপম ইসলাম। সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আজ দুই বাংলার দুই রক তারকার এই কনসার্ট হওয়ার কথা। আয়োজনটি ঘিরে অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।




