অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ বাতিল নিয়ে যা বলছেন তানজিন তিশা
বিনোদন ডেস্ক

তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। একই সঙ্গে আরেক অভিনেত্রী সামিয়া অথৈ-এর সদস্য পদ স্থগিত করেছে শিল্পীদের সংগঠনটি। দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নিয়েছিল সংগঠন। দুজনই সংগঠনকে পাত্তা দেয়নি। ফলে এই সিদ্ধান্তে যায় নিয়েছে অভিনয় শিল্পী সংঘ।
গত ৪ অক্টোবর দুই অভিনেত্রীর কাছে একটি চিঠি পাঠায় অভিনয়শিল্পী সংঘ। এর আগে গত ৭ জুলাই সদস্যপদ স্থগিতের বিষয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউই ওই নোটিশের জবাব দেননি।
ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দীর্ঘ সময় ধরে দুই পক্ষের বক্তব্য শোনা হয়েছিল। সালিশ বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছিল, সেটিও বলেন অভিনেত্রী। তিনি বলছেন, ‘বলা হয়েছিল, আমরা দুজনই যেন ক্ষমা চেয়ে বিবৃতি দিই এবং একটি ভিডিও বার্তা পাঠাই। সে (সামিয়া অথৈ) ভিডিওটি দেয়নি। আমিও কোনো কারণে দিতে পারিনি। আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্যপদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে।’
তিশা বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখলাম, শাড়ি–কাণ্ডও দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি। আট মাস ধরে যত বাধাই আসুক, যা-ই ঘটুক, আমি থেমে নেই। আমি থেমে থাকব না। আমি হাল ছাড়ব না। এত আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পারছি, কারণ আমি জানি, আমি ভুল কিছু করিনি।’





