মারা গেছেন ডিপজলের ভাই

ডিপজল ও তার মেজ ভাই আফজাল
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মারা গেছেন এই খলনায়কের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল। সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।
আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকবার্তা প্রকাশ করে মনোয়ার হোসেন ডিপজল লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’
ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লেখেন, ‘ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়ে ডিপজল লিখেছেন, ‘সবার কাছে আমার মেজো ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
আজ জোহরের নামাজের পর বাড়িয়ানি পাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ভাইয়ের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের একটি ছবি পোস্ট করে ডিপজল লিখেছিলেন, ‘আমার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল বর্তমানে অত্যন্ত অসুস্থ। দেশবাসীসহ সকলের কাছে তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।’




