নতুন হ্যারি পটার সিরিজ কেন দেখবেন না ড্যানিয়েল র্যাডক্লিফ

ড্যানিয়েল র্যাডক্লিফ ও ডমিনিক ম্যাকলাফলিন
চোখ জুড়ানো জাদুজগত আর চশমা পরা জাদুকর হ্যারি পটার, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের শৈশব ও কৈশোরের নস্টালজিক স্মৃতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে যার মুখ মানেই ছিল ড্যানিয়েল র্যাডক্লিফ।
র্যাডক্লিফ যখন প্রথমবারের মতো এই চরিত্রে অভিনয় করেন তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। এরপর তিনি কিশোর-কিশোরীদের জগৎ বদলে দিয়েছিলেন, একই সঙ্গে তার নিজের জগৎও এক নতুন মোড় নিয়েছিল। ২১ বছর বয়সে মোট ৮টি সিনেমার মাধ্যমে তার এই যাত্রা শেষ হয়েছিল।
র্যাডক্লিফের সেই চেনা পরিধি ভেঙে আগামী মাসেই ছোট পর্দায় নতুন রূপে আসছে এইচবিও-র প্রতীক্ষিত ‘হ্যারি পটার’ রিমেক সিরিজ।
ভক্তরা যখন মুখিয়ে আছেন এই জাদুকরী সিরিজের জন্য, তখন অরিজিনাল হ্যারি পটার ড্যানিয়েল র্যাডক্লিফ জানালেন, তিনি হয়তো এই সিরিজটি দেখবেনই না।
এপি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ড্যানিয়েলকে জিজ্ঞেস করা হয়েছিল এইচবিও-র নতুন সিরিজটি তিনি দেখবেন কিনা। জবাবে হ্যারি পটার তারকা সোজাসাপ্টা জানান, টিভিতে তার সিনেমা বা সিরিজ দেখার অভ্যাস একদমই নেই।
ড্যানিয়েল বলেছেন, ‘সত্যি বলতে, আমি দেখব কিনা জানি না। আমি নিজেই বহু বছর হ্যারি পটারের জগতে কাটিয়েছি। তা ছাড়া আমি টিভি দেখিই না। ব্রেকিং ব্যাড বা ম্যাড ম্যানের মতো কালজয়ী সিরিজও আমি কখনো দেখিনি। আট ঘণ্টা ধরে কোনো কিছু দেখার মতো সময় বা আগ্রহ আমার নেই।’
তবে নতুন এই সিরিজ নিয়ে কিন্তু কোনো ক্ষোভ নেই ড্যানিয়েলের। বরং তিনি বেশ আনন্দিত যে তার সন্তান বড় হয়ে তার অভিনীত হ্যারি পটার না দেখে নতুন সংস্করণের হ্যারি পটার দেখতে পাবে।
হাসতে হাসতে ড্যানিয়েল জানিয়েছেন, ‘বাবার অভিনীত চরিত্র দেখার মধ্যে কোনো থ্রিল নেই। ভালোই হলো, এখন হ্যারি পটার নিয়ে বাচ্চার কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর অন্য কাউকে দিতে হবে, আমাকে না।’
এইচবিও-র নতুন সিরিজে হ্যারি পটার হিসেবে দেখা যাবে নতুন মুখ ডমিনিক ম্যাকলাফলিনকে। ডমিনিককে কোনো পরামর্শ না দিয়ে ড্যানিয়েল বলেছেন, ‘ও দারুণ অভিনয় করবে, ওর আমার কোনো টিপসের দরকার নেই। আমি সাক্ষাৎকার দিয়ে ওই বেচারা বাচ্চার ওপর বাড়তি কোনো চাপ সৃষ্টি করতে চাই না। কোনো একদিন ওর সঙ্গে দেখা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
জে কে রাউলিংয়ের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ বইয়ের ওপর ভিত্তি করে আট পর্বের প্রথম সিজন নিয়ে টিভিতে পা রাখছে এইচবিও-র এই রিমেক। যেখানে হ্যারি পটারের পাশাপাশি হারমায়োনি গ্রেঞ্জার ও রন উইজলির মতো আইকনিক চরিত্রগুলোতে দেখা যাবে একঝাঁক নতুন মুখের নতুন অ্যাডভেঞ্চার।




