পরীমনি যা করেছে ১০০ পার্সেন্ট ঠিক করেছে: জয় চৌধুরী

পরীমনি ও জয় চৌধুরী
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সাংবাদিকদের সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা নিয়ে আগামীর সময়ের সঙ্গে খোলামেলা কথা বলেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক জয় চৌধুরী। পরীমনির সেই সময়ের আচরণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন এ অভিনেতা।
একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছেড়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। এ বিষয়ে সাক্ষাৎকারে জয় চৌধুরী বলেছেন, ‘ওই ঘটনার সময় তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন না। নিশ্চয়ই এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল যার কারণে পরীকে ওই ধরনের আচরণ করতে হয়েছে।’
স্টেজে পরীমনির আঙুল দেখানোর বিষয়টি নিয়ে জয় বলেছেন, ‘এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তার ১০টি আঙুল, সে কোন আঙুল দেখাবে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, যা দেখার দায়িত্ব আমাদের বা অন্য কারও নয়।’
বর্তমান সময়ের সামাজিক পরিস্থিতি ও মব কালচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ অভিনেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমল থেকেই দেশে মব কালচার সৃষ্টি হয়েছে, যা এর আগে ছিল না। শিল্পীরা কোনো প্রোগ্রামে, শুটিংয়ে বা উদ্বোধনে যেতে পারত না, সবখানেই তাদের ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হেনস্তা করা হতো। সেদিনও তাই হলো।’
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি সাংবাদিকরা এসবের সঙ্গে জড়িত নন। সাধারণ জনগণ ও দর্শকরা এগুলো করছে। তবে দর্শকরা যদি এমন বাজে আচরণ করেই থাকে, তবে পরী তাদের ১০টি আঙুল কেন, যা ইচ্ছে দেখাতে পারে, তাতে তার কিছু যায় আসে না।’
পরীমনির আচরণ সঠিক ছিল কি না, এ প্রশ্নের জবাবে সরাসরি জোরালো অবস্থান নেন জয় চৌধুরী। তিনি বলেন, ‘পরী যা করেছেন একদম ১০০ পার্সেন্ট ঠিক করেছেন। দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধের জন্য বিচার বা সাজা হওয়ার বিধান রয়েছে। তাই পরীমনির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল বা পুলিশের সাহায্য নেওয়া যেত। সেখান থেকে প্রমাণ সাপেক্ষে পরীমনি নিজে বেরিয়ে আসতেন।‘
আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে মব সৃষ্টি করার তীব্র সমালোচনা করেন এই চিত্রনায়ক।




