নিজের নামে গাধার নাম, যা বললেন চাঙ্কি পান্ডে

চিত্রকূট মেলার সবচেয়ে দামি গাধাটির নাম রাখা হয়েছে অভিনেতা চাঙ্কি পান্ডের নামে
বলিউডের কৌতুক অভিনেতা চাঙ্কি পান্ডে তার চিরচেনা হাসিখুশি মেজাজের জন্য বরাবরই পরিচিত। তবে এবার তার হাসির খোরাক জোগাল এক অদ্ভুত খবর।
মধ্যপ্রদেশের বিখ্যাত চিত্রকূট মেলার এক বিশেষ আকর্ষণ ছিল গাধার হাট। সেখানে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যবসায়ীরা অমিতাভ বচ্চন, শাহরুখ খান কিংবা মিঠুন চক্রবর্তীর মতো সুপারস্টারদের নামে গাধার নামকরণ করেছিলেন।
কিন্তু সবাইকে ছাড়িয়ে সর্বোচ্চ ৭২ হাজার রুপিতে বিক্রি হওয়া সবচেয়ে দামি গাধাটির নাম রাখা হয় ‘চাঙ্কি’। আর এই খবর কানে আসতেই দারুণ কৌতুক অনুভব করেছেন অভিনেতা।
সংবাদমাধ্যম এইচটি সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মজার ঘটনা নিয়ে চাঙ্কি পান্ডে বলেছেন, ‘এটা সত্যিই বেশ মজার ও সম্মানের যে মানুষ আমার নামে গাধার নামকরণ করেছে। আমার বন্ধুরা সেই খবরের ক্লিপিং পাঠাচ্ছে। আর মিডিয়াতে তো কথাই আছে, যেকোনো খবরই ভালো খবর।’
অস্বাভাবিক ও মজার এই ঘটনাকে সহজভাবে নিয়ে চাঙ্কি আরও জানান, গত ৩০ বছর ধরে তিনি এমন নানা মজার কৃতি দেখে আসছেন।
সেলুনের বিজ্ঞাপনে তারকাদের নাম ব্যবহার করা থেকে শুরু করে কোনো ফাস্টফুড জয়েন্টে তার নামে ‘চাঙ্কি পনির পান্ডে’ বার্গার থাকার কথাও ফুর্তিবাজ এই অভিনেতা হাসতে হাসতে স্মরণ করেন।
১৯৮৭ সালে ‘আগ হি আগ’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখা চাঙ্কি পান্ডে দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু স্মরণীয় চরিত্র।
তবে চিত্রকূটের মেলায় ৭২ হাজার রুপির রেকর্ড দামি ‘চাঙ্কি’ গাধা নিয়ে নেটপাড়ায় যে ট্রল ও হাসাহাসি চলছে, তাতে অভিনেতা নিজেও বেশ ভালোই বিনোদন পেয়েছেন।




