৮ বছর বয়সেই নামতে হয় কাজে, মুনাওয়ার জয় করেছেন কোটি হৃদয়

মুনাওয়ার ফারুকি
‘লক আপ’ এবং ‘বিগ বস ১৭’-এর ট্রফি জিতে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। তবে তার জীবনের পেছনের গল্পটা কিন্তু মোটেও মসৃণ ছিল না।
রঙিন পর্দার এই হাসিখুশি মানুষটির শৈশব কেটেছে চরম দারিদ্র্য ও চরম সংগ্রামের মধ্য দিয়ে। সম্প্রতি সানিয়া মির্জার পডকাস্টে এসে নিজের ফেলে আসা সেই কঠিন দিনগুলোর কথা শেয়ার করেছেন তিনি।
সানিয়া মির্জার পডকাস্ট ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-তে নিজের জীবনের প্রথম উপার্জনের কথা স্মরণ করে মুনাওয়ার জানান, পারিবারিক অসচ্ছলতার কারণে মাত্র ৮ বছর বয়সেই কাজে নামতে হয়েছিল তাকে। তিনি আরও বলেছেন যে মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও কীভাবে আর্থিক পরিস্থিতি তাকে ষষ্ঠ শ্রেণীর পর পড়ালেখা বন্ধ করতে বাধ্য করেছিল।
একটি ছোট দোকানে দৈনিক মাত্র ১০ থেকে ২০ রুপি মজুরিতে বিক্রিবাট্টার কাজ করতেন তিনি। পরবর্তীতে ১১ বছর বয়সে কিছুদিন গিফট শপে এবং পরে থালাবাসনের দোকানে কাজ করেন।
পড়াশোনার তীব্র ইচ্ছা থাকলেও পরিবারের চরম আর্থিক অনটন বাধা হয়ে দাঁড়ায়। শৈশবের কথা স্মৃতিচারণ করে মুনাওয়ার বলেন, ‘আমি পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম। ক্লাস সিক্স পর্যন্ত পড়েছি এবং সবসময় ক্লাসে ফার্স্ট হতাম। ইচ্ছা থাকলেও আর এগোতে পারিনি। তবে পড়ালেখা বন্ধ হওয়া নিয়ে আমার মনে কোনো আফসোস বা ক্ষোভ নেই। কারণ শৈশব থেকেই কাজ করাটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। কাজ করা, কষ্ট করা আর নিজের উপার্জনে বাঁচাটাই আমি উপভোগ করি।’
গুজরাটের জুনাগড়ে জন্ম নেওয়া মুনাওয়ারের শৈশবে মাকে হারানোর পর তিনি মুম্বাই চলে আসেন। জীবনধারণের জন্য নানান ছোটখাটো কাজ করার পর নিজের কৌতুক প্রতিভাকে কাজে লাগিয়ে স্ট্যান্ড-আপ কমেডিতে আত্মপ্রকাশ করেন।
এরপর ২০২২ সালে ‘লক আপ সিজন ১’ এবং ২০২৪ সালে ‘বিগ বস ১৭’ জয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন এক সফল তারকা হিসেবে। শত প্রতিকূলতার মুখেও কঠোর পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য কীভাবে বদলে দেওয়া যায়, মুনাওয়ার ফারুকির জীবন যেন তারই এক অনুপ্রেরণাদায়ী উদাহরণ।




