‘মানুষ না দেখলে ভাল্লাগে না’, মৃত্যুর দুদিন আগে সাক্ষাৎকারে বলেছিলেন সোহেল খান

সোহেল খান
অভিনেতা সোহেল খান ছিলেন হাসিখুশি মানুষ। তার উপস্থিতিতেই সিনেমার শুটিংসেটে জমে উঠত আড্ডা। সহকর্মীদের সঙ্গে গল্প, হাসি আর প্রাণবন্ত কথাবার্তায় মাতিয়ে রাখতেন চারপাশ। অথচ সেই মানুষটিই এখন আর নেই। ইকবাল হোসেন পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিং করতে গিয়ে বগুড়াতেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
মৃত্যুর মাত্র দুদিন আগে বগুড়ায় একটি গণমাধ্যমের ভিজ্যুয়াল বিভাগকে সাক্ষাৎকার দিয়েছিলেন সোহেল খান। গত শনিবার দেওয়া সেই সাক্ষাৎকারে নিজের জীবনবোধ, মানুষের সঙ্গে মেশার অভ্যাস, বগুড়ার আতিথেয়তা, খাবারদাবার এবং ‘নসিব’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সাক্ষাৎকারে উঠে এসেছিল তার চিরচেনা হাস্যরস আর সহজ-সরল জীবনদর্শন।
মানুষের সঙ্গে মিশতে ভালোবাসতেন সোহেল খান। সাক্ষাৎকারে সেই কথাই বলেছিলেন নিজের মতো করে। বলেছিলেন, ‘মানুষ না দেখলে ভাল্লাগে না, মানুষের সাথে কথাবার্তা না বললে ভাল্লাগে না। সব মানুষই নাটক করে। নাটক জগতের লোক তো নাটক করেই, মাছের বাজারে যামু তাও নাটক করে, রিকশায় উঠুম তাও নাটক করে। যেখানেই যাইবেন নাটক ছাড়া কোনো কথা নাই।’
জীবন নিয়ে নিজের চাওয়া-পাওয়ার কথাও জানিয়েছিলেন এই অভিনেতা। বলেছিলেন, ‘আমি আমার মনের দিক থেকে অলওয়েজ একই রকম। আমার কোনো চাহিদা নাই। আমার এডা লাগব, অইডা লাগব, বাড়ি লাগব, গাড়ি লাগব, উড়াজাহাজ লাগব।’
বগুড়ায় শুটিং করতে এসে সেখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলেন তিনি। তবে শুটিং শেষে ঢাকায় ফেরার অপেক্ষাও ছিল তার। বগুড়া সম্পর্কে জানতে চাইলে সোহেল খান বলেন, ‘বগুড়াতে আইসা দেখলাম মানুষগুলো খুবই অতিথিপরায়ণ। খুবই ভালো, ভাল্লাগছে। এখন অপেক্ষায় আছি কখন কোনদিক দিয়া ঢাকা যামু। অই চিন্তা ভাবনার মধ্যে আছি। একটা প্রবাদ আছে, যদি লাগে কহর ছাইড়ো না শহর। আমরা তো শহর ছাইড়া আইয়া পড়ছি। গাঁও গেরামের মইধ্যে। এটা তো বগুড়ার একদম সাইডে।’
বগুড়ার বিখ্যাত দই নিয়েও নিজের মতামত দিয়েছিলেন অভিনেতা। তার মতে, দইয়ে চিনির পরিমাণ একটু বেশি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বগুড়ার দই তো সবাই বলে বিখ্যাত। কিন্তু এর মধ্যে চিনি বেশি দেয়। মানুষ এখন এটা পছন্দ করে না। যারা দই বানায় তাদের বুঝা উচিত একটু টক মিষ্টি হলে বোধয় আরও ভালো হতো।’
‘নসিব’ সিনেমায় নিজের চরিত্র নিয়েও বেশ উচ্ছ্বসিত ছিলেন সোহেল খান। যদিও তার ভূমিকা ছিল ছোট, তবে সিনেমার পুরো দলের সঙ্গে কাজ করে ভালো লাগার কথা জানিয়েছিলেন। বিশেষ করে বলিউড অভিনেতা মুকেশ ঋষির সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল তার কাছে আনন্দের। তিনি বলেন, ‘নসিবে আমি হালকা পাতলা ছোট্ট একটা ক্যারেক্টার পাইছি। টিমের সবাই খুবই ভালো। সবচেয়ে ভালো ফিল করতেছি মুকেশ নামের তামিল ভদ্রলোক আসছে। এই ছবির ভিলেন তিনি। তার সঙ্গেই কাজ করতেছি। মুকিত জাকারিয়া তার লেফট হ্যান্ড আমি হচ্ছি রাইট হ্যান্ড।’
সাক্ষাৎকারের একপর্যায়ে ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন তিনি। নিজের পরিবার নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, ‘আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা ছেলে একটা মেয়ে। আই অ্যাম ভেরি হ্যাপি ম্যান।’





