বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল
- প্রিসিলার আহ্বানে

সাইফুল, ইনসেটে প্রিসিলা
অবহেলিত ও আশ্রয়হীন বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর ও সঞ্চালক ফাতেমা নাজনীন প্রিসিলা। তার এই উদ্যোগে সাড়া দিয়ে কুমিল্লার এক প্রবাসী ২৪ শতাংশ জমি দেওয়ার ঘোষণা দিয়েছেন। জমিটির স্থানীয় বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকার বেশি বলে জানিয়েছেন প্রিসিলা।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ফাতেমা নাজনীন প্রিসিলা। তিনি জানান, কিছুদিন আগে আশ্রয়হীন ও অবহেলিত প্রবীণদের জন্য একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে ভিডিও প্রকাশ করেছিলেন। তার সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন কুমিল্লার প্রবাসী সাইফুল নামের এক ব্যক্তি।
প্রিসিলা তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমার সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন কুমিল্লার এক প্রবাসী সাইফুল ভাই। তিনি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার জন্য ২৪ শতাংশ জমি দেওয়ার স্বীকৃতি দিয়েছেন, যার আনুমানিক স্থানীয় বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকার বেশি।’
এই উদ্যোগকে মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু জমি দেওয়ার ঘোষণা নয়, বরং অসহায় মানুষের প্রতি ভালোবাসা ও মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত। সাইফুলের এই উদ্যোগ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের পথে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
পোস্টে সাইফুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফাতেমা নাজনীন প্রিসিলা তার এই মহৎ উদ্যোগ কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে জমি দানের এই উদ্যোগকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করা এবং তাকে ও তার পরিবারকে উত্তম প্রতিদান দেওয়ার প্রার্থনা জানান।
সেই বৃদ্ধাশ্রম নির্মাণ সম্পর্কে প্রিসিলা এখনো বিস্তারিত জানাননি। এর আগে প্রিসিলা নানা সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে নিজ উদ্যোগে খাবার পানির সংকট নিরসন করতে টিউবওয়েল স্থাপন করেছেন। শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র পাঠিয়েছেন।




