নিজ গ্রামেই চিরঘুমে অভিনেতা সোহেল খান

দাফনের জন্য নেওয়া হচ্ছে অভিনেতা সোহেল খানের মরদেহ
নাট্যমঞ্চ থেকে সিনেমায় অভিনয় করেছেন দাপটের সঙ্গে। কখনো গ্রামীণ মানুষের জীবন, কখনো আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন অভিনয়ে। বাস্তব জীবনেও ছিলেন তেমনই সহজ-সরল ও এলাকাবাসীর ভালোবাসার মানুষ। নিজ গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন, সামাজিক কাজে এগিয়ে আসতেন সবার আগে। সেই অভিনেতা সোহেল খান এখন চিরনিদ্রায় শায়িত তার গ্রামের কবরস্থানে।
আজ মঙ্গলবার মাগরিবের নামাজের পর ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
আজ মঙ্গলবার সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।
সোহেল খানের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোকাহত স্বজন ও এলাকাবাসী নীরবে নিভৃতে দাঁড়িয়ে আছেন বাড়ির উঠানে। কেউ কান্নায় ভেঙে পড়ছেন, কেউ বাকরুদ্ধ হয়ে বসে আছেন। প্রিয় মানুষটির এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে তাদের।
সোহেল খানের অভিনয়ের একটি বিশেষ দিক ছিল স্থানীয় মানুষের জীবন ও সংস্কৃতিকে পর্দায় তুলে ধরা। নিজের এলাকার ভাষা, রীতিনীতি ও আচার-ব্যবহারকে অভিনয়ের মধ্য দিয়ে জীবন্ত করে তুলতেন তিনি।
সাঈদ আল মামুন বলেন, ‘সোহেল ভাই আঞ্চলিক ভাষায় কথা বলা বা এলাকার যে রীতিনীতি, আচার-ব্যবহার, এগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তার ভেতরে অহংকার বলতে কোনো কিছু ছিল না। ধনী-গরিব তার কাছে কোনো ভেদাভেদ ছিল না। অভিনেতা পরিচয়ের বাইরেও রাজাপুরে সোহেল খানের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। গ্রামের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতেন তিনি। স্থানীয় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পেছনেও তার বড় ভূমিকা ছিল।
আত্মীয় ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান জানালেন, গ্রামের যেকোনো ভালো উদ্যোগে সোহেল খান ছিলেন সামনের সারিতে। আমাদের এখানে যে টেকনিক্যাল কলেজ হয়েছে সেটির পেছনে মূল ভূমিকাই ছিল সোহেলের। সামাজিক এবং গ্রামের উন্নয়নের জন্য যেকোনো কাজ তার দ্বারা সম্ভব ছিল। সব কাজের মধ্যেই সে ছিলেন উদ্যোগী। গ্রামের মানুষের কাছে সোহেল খান ছিলেন উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডের একজন পরিচিত মুখ।
টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া সোহেল খান পরে চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন। ২০০৭ সালে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘বউয়ের জ্বালা’ সিনেমায় অভিনয় করেন। এরপর ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২) সিনেমায় অভিনয় করেছেন।
এসব চলচ্চিত্রে কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’, এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করেন তিনি।




