বগুড়ায় কোন সিনেমার শুটিং করছিলেন সোহেল খান

সোহেল খান, গতকাল শুটিংয়ে
মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘নসিব’ সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং চলছিল বগুড়ায়। সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। এই সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন অভিনেতা সোহেল খান। গতকালও বগুড়ার একটি পেপার মিলে শুটিং করেছেন তিনি। তার সহশিল্পী ছিলেন মুম্বাই থেকে আসা বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকেশ ঋষি। আজ সকালেও নাশতার টেবিলে মুকেশ ঋষির সঙ্গে আড্ডা দিয়েছেন সোহেল খান। এর কিছু সময় পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
এছাড়া সিনেমাটিতে অভিনয় করছেন অভিনেতা সোহেল রানা, বাপ্পারাজ, জাকারিয়া মুকিতসহ অনেকে। ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল।
নির্মাতা ইকবাল হোসেন বগুড়া থেকে আগামীর সময়কে মোবাইল ফোনে বলেন, ‘সোহেল ভাই নসিব সিনেমার শুটিং করছিলেন। গতকাল সুন্দরভাবে শুটিং শেষ করেছেন। আজ সকাল সাড়ে ৮টায় তিনি নাশতা শেষ করেন। এরপর মেকআপ নেন। শুটিংয়ের পোশাক পরিবর্তন করে মেকআপ রুম থেকে সেটে ঢুকবেন, সে প্রস্তুতি নিচ্ছিলেন। শেষবারের মতো তিনি একটা সিগারেট খেয়েছেন। সেই সময়ই তিনি পড়ে যান।’
পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, বর্তমানে বগুড়ায় সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং চলছে। প্রথম ধাপের শুটিং ইতোমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে দ্বিতীয় ধাপের কাজ, যেখানে যুক্ত হয়েছেন বলিউডের এই পরিচিত অভিনেতা।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে পরিচিতি পান তিনি।
ছোট পর্দায় সোহেল খানের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’। শেষের টেলিছবিটিতে তাকে বাবার ভূমিকায় দেখা যায়।
বড় পর্দায় সোহেল খান অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’সহ ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’ সিনেমায়। ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় তিনি অভিনয় করেন চেয়ারম্যানের চরিত্রে। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় তাকে দেখা যায় গ্যারেজের মালিকের ভূমিকায়।





