কারিনা কায়সারের মৃত্যুতে শোকাচ্ছন্ন দীঘি

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। তার মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই সহকর্মী ও বিনোদন অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং স্মরণ করছেন কারিনার সঙ্গে কাটানো নানা মুহূর্ত।
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, “কারিনা আপু, তুমি না আমাকে সেদিন কল দিয়ে বললে, ‘দীঘি আমি কিন্তু বিদায় ফার্স্ট ডে-তে দেখব।’ তুমি না আমার সঙ্গে ঘুরতে যেতে চাইলে। আপু, প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে। ভালো থাকো আপু।”
শনিবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে কারিনার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
পোস্টে তিনি উল্লেখ করেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।”
মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ আরও লেখেন, “আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে বা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। এই দুঃসময়ে যারা আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।”





