জায়েদ খান চমকে দিলেন টিজারে

সংগৃহীত ছবি
ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান দীর্ঘদিন ধরে নিউইয়র্কে অবস্থান করছেন। একটি চলচ্চিত্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে দেশের পটপরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রেই থেকে যান তিনি।
এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নানা অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেছে জায়েদ খানকে। পাশাপাশি একটি সেলিব্রিটি শোয়ের হোস্ট হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। গত দুই ঈদে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।
এবার জায়েদ খানকে দেখা যাবে একটি গানের ভিডিওচিত্রের মডেল হিসেবে। এরই মধ্যে ‘শিকারী’ শিরোনামের গানটির টিজার প্রকাশ হয়েছে। আর সেই টিজারেই রয়েছে চমক।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত কয়েক সেকেন্ডের টিজারে জায়েদ খানকে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও গাইতে দেখা গেছে।
বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত এই ভিডিওচিত্রে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন এবং যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।
জায়েদ খান বলেছেন, ‘টিজার দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে ভালো লাগার কথা জানিয়েছেন। অনেকেই টিজারটি শেয়ার করছেন। তবে সম্পূর্ণ গানের ভিডিওচিত্রটি আরও মুগ্ধ করবে।’
জানা গেছে, এটি একটি ব্যয়বহুল মিউজিক ভিডিও। যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। ভিডিওটির নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও কাজ করেছেন। স্টেডিক্যাম অপারেটর হিসেবে ছিলেন এনরিক ক্যামাচো।






