হেলাল খানের বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ করলেন জয় চৌধুরী

জয় চৌধুরী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তার মাধ্যমে তিনি নিজের এই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। চিত্রনায়ক হেলাল খানের নেতৃত্বাধীন ওই প্ল্যাটফর্মে কাজ করতে নিজের অনীহার কথা স্পষ্ট জানিয়েছেন জয়।
হেলাল খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জয় চৌধুরী অভিযোগ করেন যে, হেলাল খান নিজেই শিল্পীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজ করেছেন। এমনকি তার চোখের সামনেই হেলাল খানের অনুসারী বা বহিরাগত সহযোগীরা সাধারণ শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় আক্রমণ করেছেন।
শুধু তাই নয়, বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে জোর করে বের করে দেওয়ার মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
লিখিত বার্তায় তিনি বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালিগালাজ করেন।’
সম্প্রতি এফডিসিতে একটি প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধনে জয় চৌধুরী এবং শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতিকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত ঘটে।
‘পরগাছা’, ‘ব্যাঙাচি’ কটাক্ষের পাল্টায় পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
১৬ নভেম্বর ২০২৬
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, হেলাল খান প্রকাশ্যে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে আক্রমণ করছেন। ঘটনার এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো চলচ্চিত্র অঙ্গনে তীব্র চাঞ্চল্য ও আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঢাকাই সিনেমার ১৯টি চলচ্চিত্র সংগঠনের সম্মিলিত এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন চিত্রনায়ক হেলাল খান, সদস্যসচিব হিসেবে আছেন শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং এতদিন মুখপাত্রের দায়িত্বে ছিলেন জয় চৌধুরী। কিন্তু এই অনভিপ্রেত ঘটনার জেরে জয়ের পদত্যাগের ফলে চলচ্চিত্রের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব নিয়ে চলা টানাপোড়েন আরও একবার প্রকাশ্যে চলে এল।





