হাত ধরাধরি করে দীপাবলি পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই
কয়েক বছর ধরে বিনোদন অঙ্গনে সবচেয়ে চর্চিত বিষয়গুলোর একটি ছিল, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের খবর। আলাদা চলাফেরা আর হাজারো ট্রলিংয়ের মাঝেই দীপাবলির শুরুতে সবাইকে চমকে দিলেন এই তারকা জুটি।
ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার গ্র্যান্ড দীপাবলি পার্টিতে হাতে হাত রেখে প্রবেশ করে সব জল্পনা-কল্পনাকে এক ফুঁয়ে উড়িয়ে দিলেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন।
পার্টিতে লাল শাড়ি, ভারী গয়না আর গাঢ় সিঁদুরে রাজকীয় লুকে ধরা দেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। অন্যদিকে ক্ল্যাসিক পোশাকে নজর কাড়েন অভিষেক। তবে ফ্রেমের সবটুকু আলো কেড়ে নেয় তাদের মিষ্টি কেমিস্ট্রি।
ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় পরম ভালোবাসায় অভিষেকের কাঁধে মাথা রেখে ঢলে পড়েন ঐশ্বরিয়া। আর অভিষেকও মিষ্টি হেসে ক্যামেরায় তাকাতে বলেন স্ত্রীকে। কানে সিঁদুর পরার পর দীপাবলির এই রোমান্টিক উপস্থিতি যেন জুটির সুখী দাম্পত্যের এক প্রকাশ্য প্রমাণপত্র।
চলতি বছরের ২০ এপ্রিল নিজেদের ১৯তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন এই তারকা দম্পতি। দীর্ঘ ১৯ বছরের এই সফরকে ‘এক সুন্দর স্বপ্ন’ এবং ঐশ্বরিয়াকে নিজের ‘সোলমেট’ বলে আখ্যা দেন অভিষেক।
এক সাক্ষাৎকারে যখন তার কাছে সফল দাম্পত্যের রহস্য জানতে চাওয়া হয়, তখন রসিকতা করে অভিষেক বলেন, “প্রতি রাতে ঘুমানোর আগে বউকে নিয়ম করে তিনবার ‘সরি’ বলে দিন, সংসার এমনিতেই শান্তিতে চলবে।”
২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে আলাদা অনুষ্ঠানে যাওয়া এবং সামাজিক মাধ্যমে বিচ্ছেদ-সংক্রান্ত পোস্টে অভিষেকের লাইক দেওয়া নিয়ে যে জল্পনার মেঘ জমেছিল, দীপাবলির এই এক রাজকীয় ও রোমান্টিক উপস্থিতিতে তা পুরোটাই কেটে গেল।






