মুক্তির প্রথম দিনে ভারতে ৬৫ কোটি আয় রণবীরের ‘রামায়ণ’-এর

‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুর ও সাই পল্লবী
বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ মুক্তি পেতেই সিনেমা পাড়ায় বইছে আলোচনার ঝড়। রণবীর কাপুর, সাই পল্লবী ও সাউথ মেগাস্টার যশের উপস্থিতি নিয়ে তৈরি নীতেশ তিওয়ারির এই সিনেমা প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়বে বলে ট্রেড বিশ্লেষকরা ধারণা করেছিলেন।
তবে বক্স অফিসের প্রথম দিনের চূড়ান্ত হিসেব বলছে, সেঞ্চুরির ঘর ছুঁতে না পারলেও ভারতে ৬৫ কোটি রুপির এক বড়সড় সূচনা করেছে এই সিনেমা।
ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে ২৫,২০০টি শো থেকে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৬৪.৮৫ কোটি রুপি। এর মধ্যে বড় অবদান হিন্দি সংস্করণের, যা একাই ৪৭.৫০ কোটি রুপি এনে দিয়েছে। পাশাপাশি কন্নড়ে ৭.২৫ কোটি, তেলুগুতে ৬ কোটি, তামিলে ২.৬০ কোটি এবং মালায়লাম সংস্করণে ১.৫০ কোটি রুপি আয় হয়েছে।
অন্যদিকে বিদেশে প্রথম দিনেই ৫০ কোটি রুপির গ্রস কালেকশন করায় বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২৭.৫০ কোটি রুপি।
প্রথম দিনের আয়ের বিচারে রণবীর কাপুরের শেষ হিট সিনেমা ‘অ্যানিম্যাল’ ৬৩.৮০ কোটি এবং শাহ রুখ খানের ‘পাঠান’ ৫৭ কোটি-কে পেছনে ফেলে দিয়েছে ‘রামায়ণ’। তবে শাহরুখের ‘জাওয়ান’-এর ৭৫ কোটি রুপির ডেবিউ রেকর্ড আপাতত অক্ষত রয়েছে।
প্রায় ৪,০০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটিকে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট বলা হচ্ছে। সমালোচকদের মতে, দুর্দান্ত ভিএফএক্স আর নান্দনিক ক্যানভাসে সিনেমাটিকে এক ভিজ্যুয়াল মাস্টারপিস হিসেবে গড়ে তোলা হয়েছে।
পর্দায় রাম চরিত্রে রণবীর কাপুরের শান্ত অথচ দৃঢ় অভিনয় এবং রাবণরূপী যশের ধ্বংসাত্মক উপস্থিতি বক্স অফিসে আগামী দিনগুলোতে আরও বড় ঝড়েরই ইঙ্গিত দিচ্ছে।




