গেরুয়া পোশাকে আবারও বিতর্কে দীপিকা

‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খান ও দীপিকা
বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’ মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। গানটিতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি পোশাকের রঙ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য ও বিধায়ক রবীন্দ্র সিং নেগি।
এমনকি এই দৃশ্য সিনেমা থেকে বাদ না দিলে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
‘ফ্রি প্রেস জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, গানে দীপিকার পরিধান করা গেরুয়া রঙের পোশাকটিকে সনাতন ধর্মের অপমান হিসেবে দাবি করেছেন রবীন্দ্র সিং নেগি।
শাহরুখ খানকে সরাসরি আক্রমণ করে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, ‘এটাই তাদের স্বভাব, কারণ এটি শাহরুখ খানের সিনেমা। শাহরুখ খান এবং এ দেশের এসব জিহাদিরা দেশ থেকে অর্থ উপার্জন করে, অথচ দেশকেই অপমান করে। গেরুয়া রঙ নিয়ে তাদের সমস্যা। দীপিকা পাড়ুকোন এখানে কেবল একটি ঘুঁটি। এর পেছনে এসব জিহাদিরাই রয়েছে। আমি শাহরুখ খানকে জিহাদি বলব।’
এর আগে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ সিনেমাতেও দীপিকার গেরুয়া বিকিনি পরা নিয়ে হিন্দু সংগঠনগুলোর প্রতিবাদের কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপি নেতা সাফ জানিয়ে দেন যে, সনাতন ধর্মের বিরুদ্ধে এ ধরনের অবমাননা কেউ মেনে নেব না।
২০২২ সালে ‘পাঠান’ সিনেমায় ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। নায়িকার এই পোশাক নির্বাচনকে ‘অশ্লীল’ বলে দাবি করে বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী দল তীব্র আপত্তি জানায়। এমনকি এই বিষয়ের জেরে সিনেমাটি বয়কটের ডাকও দিয়েছিল বিজেপির নেতাকর্মী ও সমর্থকরা।
দৃশ্যটি অবিলম্বে পরিবর্তন না করলে পুরো দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে এই রাজনৈতিক বিতর্ক ও হুমকির বিষয়ে এখন পর্যন্ত পরিচালক সিদ্ধার্থ আনন্দ, শাহরুখ খান কিংবা দীপিকা পাড়ুকোনের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ‘কিং’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি তার কন্যা সুহানা খান-কেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।
এছাড়াও একঝাঁক তারকা সমৃদ্ধ এই সিনেমায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি, করিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, ববি দেওল, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্ল প্রমুখ।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটির।




