আমির খানের বিয়ে বৈধ নয়, দাবি মাওলানার

তৃতীয় বিয়ে করে বড়সড় ধর্মীয় বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। সম্প্রতি তার ভিন্নধর্মে বিয়ে নিয়ে ভারতের উত্তরপ্রদেশের একজন বিশিষ্ট মাওলানা তীব্র আপত্তি প্রকাশ করেছেন এবং আমিরের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন।
ধর্মগুরুর কড়া মন্তব্য, ইসলামিক শরিয়ত ও রীতিনীতি অনুযায়ী, কোনো মুসলিম পুরুষ যদি কোনো অমুসলিম বা ভিনধর্মের নারীকে বিয়ে করেন এবং সেই নারী যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, তবে সেই বিয়েকে ইসলামে স্বীকৃতি দেওয়া হয় না।
মাওলানা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘ইসলামে কোনো অমুসলিমকে এভাবে বিয়ে করা সম্পূর্ণ হারাম। আমির খান একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। সমাজে ও তার অনুরাগীদের ওপর তার গভীর প্রভাব রয়েছে। একজন মুসলিম হয়ে তার এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পাঠাচ্ছে। শরিয়ত অনুযায়ী এই বিয়ে বৈধ নয়।’
সেই বিতর্কের মাঝেই প্রথমবার সরাসরি মুখ খুললেন আমির খান। জানালেন, তার কোনো স্ত্রীই ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আমির জানান, তাদের বিয়ে হয়েছে বিশেষ বিয়ে আইনের আওতায়, যেখানে ধর্মের কোনো ভূমিকা ছিল না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘‘গৌরী, কিরণ বা রিনা— কেউই নিজেদের ধর্ম পরিবর্তন করেননি। আমাদের বিয়ে হয়েছিল ‘সিভিল ম্যারেজ’-এর মাধ্যমে। গৌরী তো হিন্দুও নন, তিনি খ্রিস্টান। তবে ধর্মীয় আচারও বিশেষ পালন করেন না।’’ সেই সঙ্গে গোটা বিষয়টি নিয়ে তার শ্লেষাত্মক মন্তব্য, ‘সময়ের সঙ্গে সঙ্গে জীবনটা যেন আরও হাস্যকর হয়ে উঠছে!’
আমির খান জানান, তাদের পরিবারে আন্তঃধর্মীয় বিয়ে কোনো নতুন ঘটনা নয়। তার দুই বোনেরই বিয়ে হয়েছে হিন্দু পরিবারে। মেয়েও বিয়ে করেছেন এক হিন্দু যুবককে। আবার তার চাচাতো ভাই মনসুর খানের স্ত্রী খ্রিস্টান। তাই ধর্মের ভিত্তিতে সম্পর্ককে বিচার করার প্রবণতা তাদের পারিবারিক সংস্কৃতির সঙ্গে মেলে না বলেই মত অভিনেতার।






