আগামীর সময়

কাজের খরায় ভুগছেন সেই শ্রীলীলা

কাজের খরায় ভুগছেন সেই শ্রীলীলা

শ্রীলীলা। ছবি: ইনস্টাগ্রাম

আল্লু অর্জুনের সঙ্গে ‘কিসিক’ গানে ভক্তদের হৃদয়ে ঢেউ তুলেছিলেন শ্রীলীলা। বয়স মাত্র ২৪। এরই মধ্যে তেলুগুর প্রথম সারির অভিনেত্রীর তকমা পেয়েছেন। অবিবাহিত শ্রীলীলা গত বছর পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর তিন কন্যাসন্তানের সঙ্গে। ২১ বছর বয়সে প্রথম মা হন। কিন্তু, প্রথম নিজের সন্তানদের কথা সামনে আনেন গত বছর জন্মদিনে। ২০১৯ সাল থেকে তিনি তিন সন্তান দত্তক নেন। এর মধ্যে দুই সন্তান বিশেষ ক্ষমতাসম্পন্ন।

শ্রীলীলা গত কয়েকবছরে নানা কারণেই আলোচনায় থেকেছেন। সেই শ্রীলীলা নাকি কাজের খরায় ভুগছেন। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, তেলুগু চলচ্চিত্রে তার হাতে এই মুহূর্তে উল্লেখযোগ্য কোনো কাজ নেই।


খুব অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন শ্রীলীলা। প্রাণবন্ত পর্দা উপস্থিতি, নাচ এবং তরুণদের মধ্যে জনপ্রিয়তা সব মিলিয়ে তাকে ‘রাইজিং স্টার’ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু সেই উত্থানের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। একের পর এক ছবির বক্স অফিস ব্যর্থতা এবং চিত্রনাট্য নির্বাচনে দুর্বলতার অভিযোগ তার ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে এসেছে।


‘ভগবন্ত কেশরী’ ছবিতে তার অভিনয় ও নাচ প্রশংসা পেলেও, বেশ কিছু সিনেমা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে ধীরে ধীরে কমতে থাকে তার বাজারমূল্য এবং নির্মাতাদের আগ্রহ। এছাড়া তিনি নাকি তেলুগুর চেয়ে গেল দুই বছর বলিউডেই বেশি কাজের খোঁজে ছিলেন, যার জন্য তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ কমে গেছে।

শ্রীলীলার শেষ বড় তেলুগু সিনেমা ছিল পাওয়ান কল্যাণের সঙ্গে ‘উস্তাদ ভগত সিং’। বড় বাজেটের সিনেমাটি নিয়ে তার প্রত্যাশা ছিল অনেক, কিন্তু মুক্তির পর সেটি কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। শুধু তাই নয়, ছবিতে তার চরিত্রটিকেও অনেকেই অসম্পূর্ণ বলে সমালোচনা করেছেন। পাওয়ান কল্যাণের সঙ্গে তার জুটিও বয়সের বড় ব্যবধানের কারণে সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হয়।


ভারতীয় সংবাদমাধ্যম তেলুগু৩৬০ দাবি করেছে, তেলেগু ছবির বাজারে বর্তমানে তিনি কার্যত ‘কাজহীন’। অন্যদিকে মির্চিনাইন জানিয়েছে, শ্রীলীলা এখন তেলুগুর বাইরে নিজের সম্ভাবনা খুঁজছেন। এরই অংশ হিসেবে তামিল ‘পরাশক্তি’ ছবিতে অভিনয় করেছেন, সেটিও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।


তবে ক্যারিয়ারের এই মন্দার মধ্যেও থেমে নেই তার পথচলা। বরং নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বলিউডে মনোযোগ দিচ্ছেন শ্রীলীলা। একটি নাম না-ঘোষিত রোমান্টিক মিউজিক্যাল ছবিতে তিনি জুটি বাঁধছেন কার্তিক আরিয়ানের সঙ্গে। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ বসু এবং এটি ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এছাড়া ইব্রাহিম আলি খানের সঙ্গে ম্যাডক ফিল্মস, ধর্মা প্রডাকশনের মতো বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে বলে শোনা যাচ্ছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, বলিউডের অধ্যায়ই শ্রীলীলার ক্যারিয়ারের জন্য হতে পারে টার্নিং পয়েন্ট। এখন দেখার বিষয়, সমালোচনা ও ব্যর্থতাকে পেছনে ফেলে তিনি আবারও কি নিজেকে প্রমাণ করতে পারেন, নাকি এই মন্দা সময়ই তার ক্যারিয়ারের গতি নির্ধারণ করে দেবে।

২০০১ সালের ১৪ জুন আমেরিকার মিশিগানে জন্ম শ্রীলীলার। বিদেশে জন্ম হলেও পরে তিনি বেঙ্গালুরু চলে আসেন। সেখানেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন। একের পর এক শুটিং, ছবির প্রচার, বিজ্ঞাপন, অনুষ্ঠানের ব্যস্ততা সামলে ডাক্তারির পড়াশোনা শেষ করেছেন তিনি। শ্রীলীলার মা একজন স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ।


২০১৭ সালে তেলুগু ‘চিত্রাঙ্গদা’ ছবির মাধ্যমে অভিনয়ের পথচলা শুরু। তবে সেই ছবিতে তিনি কাজ করেছিলেন শিশুশিল্পী হিসাবে। ২০১৯ সাল থেকে পুরোদমে অভিনয় শুরু করেন শ্রীলীলা। কন্নড় ছবি ‘কিস’ এর মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ শ্রীলীলার। পরে তেলুগু ছবি ‘ধামাকা’ তাঁকে জনপ্রিয় করে।


শ্রীলীলার ঝুলিতে রয়েছে ‘কিস’, ‘পেল্লি সান্দাদি’, ‘বাই টু লাভ’, ‘ধামাকা’, ‘স্কন্দা’, ‘ভগবন্ত কেসরী’, ‘আদিকেশব’, ‘গুন্তুর কারাম’, ‘রবিনহুড’, ‘মাস জঠারা’ এর মতো একাধিক দক্ষিণী ছবি। 

    শেয়ার করুন: