বলিউডের ভাইজান হয়ে গেলেন ‘পুকি’

সালমান খান
সন্তান প্রসবের পর শারীরিক পরিবর্তন ও ওজন বৃদ্ধি নিয়ে ইন্টারনেটে তীব্র ট্রলিংয়ের শিকার হয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ বিষয়ে নীরবতা ভেঙে সরাসরি ট্রোলারদের ধুয়ে দিলেন ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক ও সুপারস্টার সালমান খান।
‘বিগ বস ২০’-এর বিশেষ পর্বে ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে সালমানের এই প্রতিবাদ মন জয় করে নিয়েছে কোটি কোটি ভক্তের। জেন-জি নেটিজেনরা ভালোবেসে তাকে এখন দেখছে পুকি এবং প্রকৃত গ্রিন ফ্ল্যাগ রূপে।
সম্প্রতি আম্বানিদের গণপতি উৎসবে ক্যাটরিনার উপস্থিতি নিয়ে একদল নেটিজেনের কুৎসিত মন্তব্যের জবাবে বিগ বসের মঞ্চে সালমান বলেছেন, ‘কেউ মা হওয়ার পর গর্ভধারণের কারণে তার ওজন বাড়তেই পারে, এতে ট্রল করার কী আছে? যখন সে কাজে ফিরবে, আবার ফিট হয়েই ফিরবে। এখন সে তার সন্তান ও পরিবারকে সময় দিতে চায়।’
ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পরপরই তরুণ প্রজন্ম ভালোবেসে সালমান খানকে ‘পুকি’ বলে ডাকতে শুরু করে। সালমানের এই মানবিক ও সঠিক কাজের পক্ষে শক্ত অবস্থানকে সাধুবাদ জানিয়ে নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন।
অনেকেই মন্তব্য করেন, তিনিই যেন সত্যিকারের গ্রিন ফ্ল্যাগ বা আদর্শ পুরুষের উদাহরণ। বিপদের দিনে প্রাক্তন প্রেমিকার পাশে দাঁড়িয়ে এমন সম্মানজনক প্রতিবাদ মন জয় করে নিয়েছে নেটিজনদের।
এ ছাড়াও নিজের বয়স নিয়ে খোঁচা দেওয়া ট্রোলারদেরও একহাত নেন এই ৬০ বছর বয়সী তারকা। রাগের একপর্যায়ে লাইভ ক্যামেরার সামনেই নিজের শার্ট ও টুপি খুলে মেকআপ মুছে ফেলেন সালমান।
এরপর নিজের বডি ও অ্যাবস দেখিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি ৬০ বছরের বুড়ো হয়েছি, তাতে কী? সারাজীবন তো আর ম্যানে পেয়ার কিয়ার তরুণ হয়ে থাকা যাবে না। ট্রল করতে মন চাইলে যত পারো করো, আমার ছেঁড়া জুতো পরেও ঘুরতে কোনো আপত্তি নেই।’
শুধু বডি-শেমিংই নয়, নারী তারকা ও সাধারণ মেয়েদের পেছন থেকে অশালীনভাবে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ‘চিনুন তো ইনি কে?’ ক্যাপশন দেওয়া ‘পাপারাজ্জি’ সংস্কৃতির ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন সালমান।
নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি কোনো পাপারাজ্জি বা লোক পেছন থেকে এভাবে অশালীন ছবি তোলে, তবে ঘুরে সোজা একটা চড় মেরে বলবেন গিয়ে নিজের মা-বোনের ছবি তুলতে।’
সালমান ও ক্যাটরিনার সম্পর্ক বহু বছর আগে অতীত হলেও, বিপদের দিনে ক্যাটরিনার প্রতি সালমানের এই বলিষ্ঠ ও সম্মানজনক অবস্থানকে নেটদুনিয়ায় ‘প্রকৃত বীরত্ব’ হিসেবে আখ্যা দিচ্ছেন ভক্তরা।




