অভিনয়ে ফিরতে ‘জোশ’ খ্যাত শরদ কাপুরের আকুতি

সংগৃহীত ছবি
একসময় বলিউডের পরিচিত খলনায়ক ছিলেন অভিনেতা শরদ কাপুর। তবে দীর্ঘ সাত বছর ধরে বড় পর্দায় দেখা নেই তার। সম্প্রতি চারটি পোষা কুকুরকে দেখাশোনা করতে না পেরে একটি পশু কল্যাণকেন্দ্রে পাঠানোর ঘটনায় তার অসুস্থতা ও আর্থিক সংকট নিয়ে আলোচনা শুরু হয়। তবে আর্থিক দুরবস্থার কথা নাকচ করে শরদ জানিয়েছেন, অর্থ নয়, আবার অভিনয়ে ফেরার সুযোগই তার চাওয়া।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শরদ কাপুরের বাড়ি থেকে তার চারটি পোষা কুকুর নিয়ে যাচ্ছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। পরে জানা যায়, কুকুরগুলোর যথাযথ যত্ন নিতে পারছেন না অভিনেতা। এ ঘটনা ছড়িয়ে পড়ার পর তার শারীরিক অবস্থা ও আর্থিক সংকট নিয়ে শুরু হয় নানা আলোচনা।
তবে শরদ জানিয়েছেন, আর্থিক সংকটের কারণে নয়, শারীরিক সমস্যার জন্যই পোষা কুকুরগুলোর দেখাশোনা করতে পারছেন না তিনি। স্পেনের বার্সেলোনায় ফুটবল খেলতে গিয়ে এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পান। এরপর থেকে শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।
এদিকে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীদের সংগঠন সিআইএনটিএএ-এর কাছে কাজ ফিরে পেতে সহায়তা চেয়েছেন শরদ। এক আবেদনে তিনি বলেন, ‘আমি ভালো কাজ খুঁজছি। আপনাদের সাহায্য চাই। আমি জানি, আপনারা আশপাশের মানুষদের সব সময় সাহায্য করেছেন। আমার জন্য সামান্য মানসিক সমর্থনই যথেষ্ট। আপনারা সবাই জানেন, আমি একজন ভালো অভিনেতা। এখানে অর্থ কোনো বিষয় নয়। আমি শুধু আবার কাজে ফিরতে চাই।’
আগামী জানুয়ারি থেকে আবার কাজে ফেরার আশা করছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতে প্রচারিত ধারাবাহিকেও অভিনয়ের আগ্রহ রয়েছে তার। এ ধরনের মাধ্যমকে অভিনয়শিল্পীদের জন্য বড় সুযোগ হিসেবে দেখেন শরদ। তার মতে, এর মাধ্যমে দেশের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকের কাছেও পৌঁছানো সম্ভব।
এর আগে ভারতের একটি সংবাদমাধ্যমকে শরদ জানিয়েছিলেন, হলিউডের একটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। আগামী বছরের জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে বিদেশে কাজের সুযোগ পেলেও মুম্বাইয়ে আবার অভিনয় করতে চান তিনি। সে কারণেই চলচ্চিত্রশিল্পীদের সংগঠনের কাছে সহায়তা চেয়েছেন।
এদিকে তার আবেদনের পর অভিনেত্রী জয়া বচ্চন তার সঙ্গে দেখা করেছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে শরদ কাপুর আবার বলিউডে নিয়মিত অভিনয়ে ফিরতে পারেন কি না, এখন সেটিই দেখার বিষয়।
১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শরদ কাপুর। পরে শাহরুখ খানের ‘জোশ’, ‘দস্তক’, ‘লক্ষ্য’ ও ‘জয় হো’সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।




