অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর ভয়ে চার দিন ঘরবন্দি ছিলেন রাধিকা

রাধিকা আপ্তে
অভিনয় জগতে নিজের সাহসিকতা ও ভিন্নধর্মী চরিত্রের জন্য পরিচিত বলিউডের দাপুটে অভিনেত্রী রাধিকা আপ্তে। বর্তমানে ‘লাস্ট স্টোরিজ ৩’-র কাজ নিয়ে আলোচনায় থাকা এ তারকা সম্প্রতি নিজের জীবনের এক অত্যন্ত ভীতিকর ও যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার স্মৃতি শেয়ার করেছেন।
সিনেমার একটি অন্তরঙ্গ দৃশ্য অনৈতিকভাবে লিক হয়ে যাওয়ার পর নিজের নিরাপত্তার শঙ্কায় টানা চার দিন ঘরবন্দি হয়ে পড়েছিলেন এ অভিনেত্রী। পরিস্থিতি এতটাই খারাপ রূপ নিয়েছিল যে, নিরাপত্তার স্বার্থে নিজের ড্রাইভার ও স্পটবয়ের মুখোমুখি হতে হয়েছিল তাকে।
শুটিং ফ্লোরে অন্তরঙ্গ দৃশ্য ধারণের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে রাধিকা জানান, ক্যামেরা বন্ধ হলেই শিল্পীদের ভয় শেষ হয়ে যায় না। দৃশ্যগুলো অনৈতিকভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে জীবন কীভাবে থমকে যায়, তা নিজের অভিজ্ঞতা দিয়ে তুলে ধরেন তিনি।
রাধিকা বলেছেন, ‘দৃশ্যটি লিক হওয়ার পর ভয়ে আমি চার দিন ঘরের বাইরে পা রাখতে পারিনি। সবসময় মনে হতো দরজায় কেউ বেল বাজিয়ে আমাকে আক্রমণ করতে আসছে। আমার স্টাইলিস্ট আমাকে জানিয়েছিল, তার ড্রাইভার বারবার ওই ভিডিওটা দেখছিল আর বলছিল— ‘আপনি তার বাসায় যাচ্ছেন?’ এমনকি আমার বিল্ডিংয়ের ওয়াচম্যানও ভিডিওটি দেখে ফেলেছিল’।
সেই সময়ে মুম্বাইয়ের ফ্ল্যাটে একদম একা থাকতেন রাধিকা। একা থাকার ভয় আর নিরাপত্তার অভাবে শেষমেশ নিজের টিমের সবচেয়ে কাছের মানুষদের ডেকে কথা বলেন তিনি।
রাধিকা স্মরণ করে জানান, ‘‘আমি আমার ড্রাইভার আর স্পট দাদাকে ডেকে বলি, ‘একটা ভিডিও লিক হয়েছে, তোমরা কি দেখেছ? না দেখে থাকলে আমি পাঠাচ্ছি, দেখ। দেখে যদি তোমাদের মনে হয় তোমরা আমার সঙ্গে কাজ করতে পারবে এবং আমাকে রক্ষা করবে, তবেই থাকো। তা না হলে এই নাও তোমাদের বেতন, তোমরা চলে যেতে পারো।’ ভাগ্যিস তারা দুজনেই বলেছিল— ‘ম্যাডাম, আমরা আপনার খেয়াল রাখব’।’
সাক্ষাৎকারে রাধিকা আরও একটি গোপন তথ্য ফাঁস করেন। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে পরিবারকে ঝুঁকিতে না ফেলতে একটি স্বপ্নের প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।
পরে অবশ্য এই ভয়ের কাছে নতি স্বীকার করার জন্য নিজের ওপর ‘লজ্জা’ লেগেছিল বলেও জানান এ তারকা।
ব্যক্তিগত জীবনে বর্তমানে বেশ সুখে আছেন রাধিকা। ২০২৪ সালের ডিসেম্বরে ব্রিটিশ মিউজিশিয়ান স্বামী বেনেডিক্ট টেইলরের সঙ্গে নিজেদের প্রথম কন্যাসন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন এ অভিনেত্রী।




