সালমানের ‘মাতৃভূমি’ দর্শকদের ভালোবাসা পাবে, আশা বিবেক ওবেরয়ের

বিবেক ওবেরয় ও সালমান খান
বলিউডে সালমান খান ও বিবেক ওবেরয়ের শীতল সম্পর্কের কথা কারও অজানা নয়। তবে সেই পুরোনো সমীকরণ ছাপিয়ে এবার সালমানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর জন্য শুভকামনা জানালেন বিবেক ওবেরয়।
মুক্তির আগেই সিনেমাটির পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, দেশের সশস্ত্র বাহিনীর বীরত্ব নিয়ে নির্মিত যেকোনো সিনেমাই দর্শকদের ভালোবাসা ও সমর্থন পাওয়ার যোগ্য।
সম্প্রতি মুম্বাইয়ে ‘ক্যানসার পেশেন্টস এইড অ্যাসোসিয়েশন’-এর এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন বিবেক। সেখানে সালমানের ‘মাতৃভূমি’ এবং এর ঠিক এক সপ্তাহ পরই মুক্তি পেতে যাওয়া বিবেকের নিজের সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্রে’ নিয়ে প্রশ্ন করা হয়।
জবাবে কোনো রাখঢাক না রেখেই বিবেক বলেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব, সাহসিকতা ও শৌর্য নিয়ে নির্মিত যেকোনো সিনেমাই দর্শক হিসেবে আমাদের সমর্থন পাওয়ার যোগ্য। আমি আশা করি সিনেমাটি অনেক ভালোবাসা পাবে।’
সেই সঙ্গে নির্মাতা অপূর্ব লাখিয়ার সাফল্য কামনা করে তিনি আশা প্রকাশ করেন, ‘মাতৃভূমি’ দর্শকদের অনুপ্রাণিত করবে। দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা জাগায় এমন প্রতিটি সিনেমাই সফল হওয়া উচিত বলেও মন্তব্য করেন এই অভিনেতা।
আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘মাতৃভূমি’, আর ১১ ডিসেম্বর মুক্তি পাবে বিবেকের ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্রে’। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই সিনেমার মুক্তি ও বক্স অফিসের লড়াই নিয়ে বিবেক বেশ পরিণত উত্তরই দিয়েছেন।
তার ভাষায়, ‘প্রতিটি সিনেমারই নিজস্ব দর্শক থাকে। কোনো সিনেমা যদি সফল হওয়ার হয়, তবে তা যেকোনো পরিস্থিতিতেই নিজের দর্শক খুঁজে নেবে, আর না হলে ফাঁকা প্রেক্ষাগৃহেও তা সফল হবে না। এই অর্থে প্রতিটি সিনেমাই তার নিজস্ব ভাগ্য নিয়ে আসে।’
ক্যারিয়ারে সাফল্য ও ব্যর্থতা সামলানোর দর্শনও এদিন তুলে ধরেন বিবেক। তিনি জানান, বাবার কাছ থেকে তিনি শিখেছেন প্রতিটি কাজকে কেবল একটি ‘প্রচেষ্টা’ হিসেবে দেখতে। সিনেমা হিট হলে যেমন সব কৃতিত্ব একা নেওয়া উচিত নয়, তেমনি ব্যর্থ হলেও ভেঙে পড়া ঠিক নয়।
২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘মাতৃভূমি’। অপূর্ব লাখিয়ার পরিচালনায় এতে সালমান খান ও চিত্রাঙ্গদা সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অনুপ বিক্রম শাহী, জেইন শ, জেসন থাম ও হীরা সোহাল।
সিনেমাটিতে প্রয়াত অভিনেতা ও গায়ক প্রশান্ত তামাংকে শেষবারের মতো পর্দায় দেখা যাবে। আগামী ৪ ডিসেম্বর মুক্তির দিন বক্স অফিসে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ সিনেমার মুখোমুখি হবে সিনেমাটি।
অন্যদিকে, ১১ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া বিবেকের সাইকোলজিক্যাল থ্রিলার ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্রে’-তে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নিত্যা মেনন।





