নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবে নোবিপ্রবি শিক্ষার্থীরা

ছবি: আগামীর সময়
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি দ্বারা নির্মিত উচ্চ ক্ষমতাসম্পন্ন এ বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, এ উপকেন্দ্র চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলো। এর মাধ্যমে নোবিপ্রবিতে বিদ্যুৎ সমস্যার একটি স্থায়ী সমাধান হবে।
তিনি আরও বলেন, একমাত্র জাতীয় গ্রিডের সমস্যা অথবা প্রাকৃতিক দুর্যোগ ব্যতীত এই উপকেন্দ্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে। এ সময় সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের আরও পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান উপাচার্য।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী ও পরিচালক (অ.দা) মো. জামাল হোসেন ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌ. মোহাম্মদ শরীফ হোসেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ডিজিএম ও পবিস সোনাপুর, নোয়াখালীর ডিজিএমসহ নোবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তারা।



