জাবি
কনসার্টের সময় ধূমপান: ‘সিনিয়রদের মারধরে’ তিন শিক্ষার্থী আহত

সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কনসার্ট চলাকালে ধূমপানে বাধা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সিনিয়রদের মারধরে তিন শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার রাতে ৪৯তম আবর্তনের অনুষ্ঠান চলাকালে ও পরবর্তী সময়ে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের ৫৩তম আবর্তনের নিলয় ও জিসান এবং ৫৪তম আবর্তনের সামিহা রয়েছেন। ঘটনার তদন্ত ও জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
অন্যদিকে, নিজেদের ওপর হামলার অভিযোগ তুলে পাল্টা লিখিত অভিযোগ দিয়েছেন অভিযুক্ত শিক্ষার্থীরাও।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ক্যাম্পাসে ৪৯তম আবর্তনের অনুষ্ঠান চলাকালে মঞ্চের ডান পাশে আইআর ৫৩তম আবর্তনের জান্নাতুল মাওয়া শ্যামন্তী, আয়েশা, ইলমা, সানজানা, জিসান ও নিলয়সহ কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিলেন।
অভিযোগ অনুযায়ী, সেখানে উপস্থিত ৫২তম আবর্তনের দিহান (রসায়ন), জিহাদ (ভূগোল ও পরিবেশ), মোয়াদ (বাংলা) ও সায়েমসহ (সিএসই) অজ্ঞাত আরও কয়েকজন ধুমপাম করছিলেন এবং ইচ্ছাকৃতভাবে নারী শিক্ষার্থীদের দিকে ধোঁয়া ছাড়ছিলেন। এর প্রতিবাদ জানালে অভিযুক্তরা উপহাস শুরু করেন এবং একপর্যায়ে জিসানকে পেছন থেকে ধাক্কা দিয়ে কলার ধরে টানাহেঁচড়া করেন। এতে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং আয়েশা ও শ্যামন্তীসহ কয়েকজন আঘাত পান। পরে অনুষ্ঠানের আয়োজক হামিদুল্লাহ সালমান ও সায়মনসহ আইআর ৫২তম আবর্তনের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।
ভুক্তভোগীদের লিখিত অভিযোগ অনুযায়ী, মূল ব্যান্ড আর্ক (ARK)-এর কনসার্ট শেষে তারা বিশ্রামের জন্য ‘বিরিশিরি’ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা ‘বিষয়টি সমাধানের’ কথা বলে তাদের ডেকে নেন এবং জ্যেষ্ঠ শিক্ষার্থীদের উপস্থিত রাখার কথা বললে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও নারী শিক্ষার্থীদের দিকে তেড়ে আসেন। নিলয় এর প্রতিবাদ করলে আগে থেকে প্রস্তুত থাকা আরও কয়েকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে রসায়ন ৫২তম আবর্তনের দিহান পেছন থেকে নিলয়ের কলার ধরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেন এবং হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন। অন্যরা তার বুকে লাথি ও কিল-ঘুসি মারেন। নিলয়কে বাঁচাতে এগিয়ে গেলে আয়েশা, ইলমা এবং আইআর ৫৪তম আবর্তনের সামিহাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়; এতে ছাতার কোণার আঘাতে সামিহা চোখে ব্যথা পান। একই সময়ে জিসানের গলা ও বুকে উপর্যুপরি ঘুসি মারা হয়। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত সরে পড়েন এবং ঘটনাস্থলে তাদের একজনের একটি মোবাইল ফোন ও চশমা পড়ে থাকতে দেখা যায়।
গুরুতর আহত অবস্থায় নিলয় ও জিসানকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে জিসানের শ্বাসকষ্ট তীব্র হলে তাকে অক্সিজেন দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিলয়ের মাথার তালুতে দুটি সেলাই দেওয়া হয় এবং জিসানের বুকের এক্স-রেসহ প্রয়োজনীয় চিকিৎসা শেষে ভোর ৫টার দিকে তারা ক্যাম্পাসে ফেরেন। এ বিষয়ে ভুক্তভোগী জান্নাতুল মাওয়া শ্যামন্তী বলেন, ক্যাম্পাসের ভেতরে জুনিয়র ও নারী শিক্ষার্থীদের ওপর এমন পরিকল্পিত হামলা মেনে নেওয়া যায় না; তারা জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, শনিবার অভিযুক্ত ৫২তম আবর্তনের শিক্ষার্থী দিহান, জিহাদ ও মোয়াদ একই আবর্তনের আবরার (ফিন্যান্স), শামীম (সিএসই) ও সায়েমকে (সিএসই) প্রত্যক্ষদর্শী উল্লেখ করে প্রক্টর বরাবর পাল্টা লিখিত অভিযোগ দেন।
তাদের দাবি, নিষেধের পর তারা ধূমপান বন্ধ করলেও জিসান উগ্র আচরণ করে কলার ধরেন ও ‘তুই-তোকারি’ করেন। পরে বিরতির সময় ক্যাফেটেরিয়ার সামনে সিঁড়ির ওপরে কথা বলতে ডাকলে নিলয় উত্তেজিত হয়ে দিহানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন এবং জিসান ও তার সঙ্গে থাকা নারী শিক্ষার্থীরা জিহাদ ও মোয়াদের ওপর অতর্কিত হামলা চালান বলে পাল্টা অভিযোগে উল্লেখ করা হয়।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের চেষ্টা করা হবে। তদন্তের ভিত্তিতে সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং দোষী প্রমাণিতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




