মাস্টার্স শেষ হওয়ার ৭ দিনের মধ্যে জাবির হল ছাড়ার নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোতে আসন ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা এবং সার্বিক কার্যক্রম নির্বিঘ্ন করতে মাস্টার্সের পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে অবস্থানরত যেসব শিক্ষার্থীর স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে, তাদের পরীক্ষা সমাপ্তির সাত দিনের মধ্যে হল ছাড়তে হবে। এ সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’-এর ৫(ট) ধারার প্রযোজ্য বিধান অনুযায়ী নিজেদের পরিচয়পত্র, চিকিৎসা কার্ড ও গ্রন্থাগার কার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়ে হল ত্যাগ করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট হল প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।



