এসএসসি জানুয়ারিতে, এইচএসসি জুনে নেওয়ার প্রস্তাব

সংগৃহীত ছবি
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনে শিক্ষামন্ত্রীর প্রস্তাবের বিপক্ষে মত দিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ অংশীজনরা জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছেন। বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় অংশীজনরা এমন প্রস্তাব তুলে ধরেছেন বলে জানিয়েছেন সভায় অংশ নেওয়া কর্মকর্তারা।
সভাশেষে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এটাকে মোটামুটি প্রাথমিক সিদ্ধান্ত বলা চলে। আমরা তাদের এই মতামতকে ধরেই এগোচ্ছি।
বর্তমানে এপ্রিলে এসএসসি ও সমমান এবং জুলাইতে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজিত হচ্ছে। সভাশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানান, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিতে চায়। পরীক্ষা কবে আয়োজন করা হবে এবং কীভাবে সময়সূচির সঙ্গে সমন্বয় আনা যায়, সে বিষয়েই মূলত আলোচনা হয়েছে।
আমরা বিবেচনা করছি ২০২৭ সালেই ডিসেম্বরে (এসএসসি ও সমমান) পরীক্ষা নেওয়া সম্ভব হবে কি না, নাকি ২০২৮ সালে গিয়ে পুরোপুরি সমন্বয় করা হবে। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় আসা মতামতের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল বললেন, সভায় শিক্ষার্থীদের সময় অপচয় না করে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনে অংশীজনদের মতামত নেওয়া হয়। অনেক শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানপ্রধানের মতামত হচ্ছে এসএসসি পরীক্ষা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আর এইসএসসি পরীক্ষা জুনের প্রথম সপ্তাহে নিলে কোনো সমস্যা থাকবে না।




