ফোন তল্লাশির পর ছাত্রলীগ কর্মীকে পেটাল ঢাকা কলেজ ছাত্রদল
ঢাকা কলেজ প্রতিনিধি

ছবি: আগামীর সময়
মোবাইল ফোন তল্লাশি করে নিষিদ্ধ ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার অভিযোগে মুন্না শেখ নামে এক তরুণকে পিটিয়েছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ রবিবার বিকালে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। তবে নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, ওই তরুণকে তাদের কাছে হস্তান্তর করা হয়নি।
মুন্না শেখ ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গ্রামের বাড়ি ফরিদপুর।
ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, ‘আমরা যাকে ধরেছি তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। আমাদের কাছে তথ্য ছিল, তিনি এখানে আসছেন এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন। এই তথ্যের ভিত্তিতে তাকে ধরেছি এবং পুলিশকে খবর দিয়েছি।’
মুন্না শেখের সঙ্গে ছাত্রলীগের অনেক গুরুত্বপূর্ণ নেতার যোগাযোগ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘তার ফোনে ফরিদপুর, গাজীপুরসহ বিভিন্ন এলাকার ছাত্রলীগের বড় বড় নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য আমরা পেয়েছি।’
এসব তথ্য যাচাইয়ের পর অন্য নেতাদের খুঁজতে তারা অভিযানে যান বলেও জানিয়েছেন শাখা ছাত্রদলের সদস্যসচিব।
যদিও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী আগামীর সময়কে বলেছেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কর্মীকে ধরা ও পিটুনির বিষয়টি তারা এখনো জানেন না। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে এ বিষয়ে জানাতে পারবেন।




