‘সাহস থাকলে গোপালগঞ্জ আসেন’ নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়ার সভাপতি

বাঁ থেকে শামছুল হক ও রবিউল ইসলাম নয়ন
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তাকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গোপালগঞ্জে এলে নয়নকে দ্বিগুণ জবাব দেওয়া হবে।
আজ রবিবার সকালে আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে শামছুল হক বলেন, ‘ঢাকায় বসে আপনি যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার দ্বিগুণ জবাব দেওয়া হবে। আপনার যদি সেই সক্ষমতা ও সাহস থাকে, তাহলে গোপালগঞ্জে আসুন। ঢাকায় বসে যেভাবে কর্মকাণ্ড চালাচ্ছেন, গোপালগঞ্জে এলে তার দ্বিগুণ করে দেখিয়ে দেব, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কী করতে পারে। তবে বাস্তবে গোপালগঞ্জে আসার মতো সক্ষমতা আপনার নেই।’
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারকে উদ্দেশ করেও বক্তব্য দেন শামছুল হক। তিনি দাবি করেন, আশপাশের জেলার ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জে আসার কথা বলছেন।
তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা টুঙ্গিপাড়ায় আসুন। আমরা টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একবার এলে টুঙ্গিপাড়ার মানুষ কীভাবে আপ্যায়ন করতে জানে, তা সারা জীবন মনে রাখবেন।’
টুঙ্গিপাড়ার মানুষ বর্তমানে শান্তিতে বসবাস করছেন দাবি করে বিএনপি, জামায়াত ও এনসিপির উদ্দেশেও বক্তব্য দেন শামছুল হক। তার দাবি, এলাকায় বর্তমানে উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা মস্তানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




