সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষকদের নিবন্ধন শুরু, যেভাবে করবেন আবেদন

সংগৃহীত ছবি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের শিক্ষকদের অনলাইনে শিক্ষক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের ২-৮ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষকদের একাডেমিক ও পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অনলাইন শিক্ষক নিবন্ধন কার্যক্রম গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপ্রণেতা, মডারেটর ও পরীক্ষক নিয়োগ, পরীক্ষা গ্রহণ ও পরিচালনা, উত্তরপত্র মূল্যায়ন, মূল্যায়ন করা নম্বর অনলাইনে ইনপুট, টেবুলেশন, ফলাফল প্রস্তুত ও প্রকাশ এবং পরীক্ষা-সংক্রান্ত সম্মানী প্রদানসহ একাডেমিক ও পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।
অনলাইনে নিবন্ধন করার প্রক্রিয়া:
নিবন্ধন করতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট https://dcu.ac.bd-এ প্রবেশ করে Teacher Registration অপশনে ক্লিক করতে হবে। পরে নির্ধারিত স্থানে একটি সক্রিয় ই-মেইল দিয়ে সিকিউরিটি চেক (Security Check) করে সেন্ড ভেরিফিকেশন কোড (Send Verification Code)-এ ক্লিক করতে হবে। পরে প্রদত্ত ই-মেইলে পাঠানো ওটিপি সংগ্রহ করে নির্ধারিত স্থানে প্রদান করে ই-মেইল ভেরিফিকেশন করতে হবে।
পরের ধাপে সংশ্লিষ্ট কলেজ ও বিভাগ নির্বাচন করে কন্টিনিউ টু ইয়োর ডিটেইলস (Continue to Your Details)-এ ক্লিক করে নির্ধারিত ফরমে শিক্ষকের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ শেষে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ টু ব্যাংক ডিটেইলস (Continue to Bank Details)-এ ক্লিক করতে হবে।
এ ছাড়া, ব্যাংক সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক, শাখা, একাউন্টের নাম ও নম্বর সঠিকভাবে দিতে হবে। সব তথ্য যাচাই করে সাবমিট রেজিস্ট্রেশন (Submit Registration)-এ ক্লিক করতে হবে।
নিবন্ধন শেষ হলে রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করা যাবে, একইসঙ্গে নিবন্ধিত ই-মেইলে ফরমটির একটি কপি পাঠানো হবে। ডাউনলোডকৃত রেজিস্ট্রেশন ফরম প্রিন্ট করে যথাযথভাবে স্বাক্ষর করে সংশ্লিষ্ট অধ্যক্ষের কার্যালয়ে জমা দিতে হবে।
পরে, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃক তথ্য যাচাই ও অনুমোদন সম্পন্ন হওয়ার পর শিক্ষকের নিবন্ধিত অ্যাকাউন্টটি সক্রিয় করা হবে।
শিক্ষকদের সতর্কতার সঙ্গে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নাম, ই-মেইল, মোবাইল নম্বর, কলেজ, বিভাগ এবং ব্যাংক হিসাবের তথ্য সঠিকভাবে যাচাই করে পূরণ করতে হবে।
এ ছাড়া ব্যাংক হিসাবের ক্ষেত্রে Account Holder Name ও Account Number অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষকের নিজস্ব ব্যাংক হিসাব অনুযায়ী প্রদান করতে হবে।
শিক্ষক নিবন্ধন-সংক্রান্ত যেকোনো তথ্য বা কারিগরি সহায়তার জন্য সংশ্লিষ্ট কলেজের শিক্ষক প্রতিনিধি বা [[email protected]](mailto:[email protected]) ই-মেইলে যোগাযোগ করতেও বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।






