রোডম্যাপ ঘোষণা
ঢাবি থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের স্থানান্তর ৩১ আগস্ট

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট প্রোগ্রামে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্নকরণসংক্রান্ত রোডম্যাপ প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের নির্দেশক্রমে রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের গৃহীত হয়েছে।
এর আগে গত ২৩ আগস্ট শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন এবং সংযুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ অংশীজনদের মতামত পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রোডম্যাপের কথা জানিয়ে এতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের নির্বিঘ্নে, সময়ানুগভাবে ও যথাযথ প্রক্রিয়ায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তর নিশ্চিত করা এবং সব একাডেমিক ও পরীক্ষা কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একটি রোডম্যাপ ঘোষণা করছে।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, একাডেমিক মাইগ্রেশন সম্পন্ন করার প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
স্থানান্তর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সংযুক্ত কলেজগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে স্থানান্তর বাস্তবায়ন কমিটি গঠন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তালিকা, একাডেমিক ও পরীক্ষার ফলাফলসংক্রান্ত রেকর্ড (হার্ডকপি ও সফটকপি) ৩১ আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসনের কাছে হস্তান্তর করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লিখিত ৩টি শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য সিলেবাস, কোর্স রেগুলেশন/একাডেমিক অর্ডিন্যান্স এবং পরীক্ষা রেগুলেশন (হার্ডকপি ও সফটকপি) ৩১ আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসনের কাছে হস্তান্তর করবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃক একাডেমিক কার্যক্রম পরিচালনা ও পরীক্ষা গ্রহণ প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানের জন্য সংযুক্ত কলেজগুলো সংশ্লিষ্ট অভিজ্ঞ শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে হেল্পডেস্ক স্থাপন করা হবে। হেল্পডেস্কে একাডেমিক ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা বুলেট পয়েন্ট আকারে সন্নিবেশিত থাকবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনিক কার্যালয়েও একাডেমিক ও পরীক্ষাসংক্রান্ত বিষয়ে পৃথক হেল্পডেস্ক চালু করা হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরীক্ষাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসারে গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার প্রকাশিত সূচি অনুযায়ী, অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৫ (২০২৩-২৪)-এর পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য সময় ২০২৬ সালের অক্টোবর আর পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় নভেম্বরের তৃতীয় সপ্তাহ। অনার্স তৃতীয় বর্ষ ২০২৫ (২০২২-২৩)-এর পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য সময় চলতি বছরের ডিসেম্বর আর পরীক্ষা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ এবং অনার্স চতুর্থ বর্ষ ২০২৫ (২০২১-২২)-এর পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য সময় সেপ্টেম্বর আর পরীক্ষা শুরুর সময় চলতি বছরের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ।
২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের চতুর্থ বর্ষ পরীক্ষার টার্মপেপার মূল্যায়ন প্রক্রিয়া সংশ্লিষ্ট কলেজের স্ব-স্ব বিভাগের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সংযুক্ত কলেজগুলোর প্রতিনিধি সমন্বয়ে গঠিত যৌথ স্থানান্তর বাস্তবায়ন কমিটি এই রোডম্যাপ বাস্তবায়নের জন্য সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। স্থানান্তর প্রক্রিয়াসংক্রান্ত যেকোনো বিষয়ে তথ্য জানার জন্য শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে স্থানান্তর বাস্তবায়ন কমিটির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারবে।








