শিক্ষক নিয়োগে ‘দলীয়করণের’ প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

শুক্রবার রাজু ভাস্কর্যের সামনে ‘রেড কার্ড টু বিএনপাইজেশন’ কর্মসূচি পালন করে ছাত্রশক্তি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ‘দলীয়করণ’ এবং ‘পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত’ করার অভিযোগ তুলে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘রেড কার্ড টু বিএনপাইজেশন’ শিরোনামে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
কর্মসূচিতে ছাত্রশক্তির ঢাবি শাখা সভাপতি হাসিব আল ইসলাম বলেছেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে প্রার্থীর যোগ্যতাকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে।’
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের
২৫ সেপ্টেম্বর ২০২৬
তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে যেসব যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, তাদের নিয়োগ দিতে হবে। রাজনৈতিক বিবেচনায় কিংবা রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না।’
পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণের দাবি জানান হাসিব। তিনি বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের মধ্যে অসন্তোষ বাড়বে।
মানববন্ধন থেকে শিক্ষকসহ সরকারি বিভিন্ন নিয়োগে রাজনৈতিক বিবেচনা পরিহার, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং বাদ পড়া যোগ্য প্রার্থীদের বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়।




