ফল কিনে বাংলা কিউআর দিয়ে দাম দিলেন গভর্নর

বাংলা কিউআর দিয়ে ফলের দাম পরিশোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: বাংলাদেশ ব্যাংকের ফেসবুক পেজ
ফল কেনার পর বাংলা কিউআর দিয়ে দাম পরিশোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের এজিবি কলোনি বাজারে ফল কেনার পর গভর্নর ডিজিটাল এ ব্যবস্থার মাধ্যমে দাম পরিশোধ করেন।
আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে এ তথ্য। পাশাপাশি এই পোস্টে যুক্ত করা হয়েছে দুটি ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে, গভর্নর ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আছেন মোবাইল হাতে। তার সামনে রয়েছে বাংলা কিউআরের কিউআর কোড। অন্য ছবিতে দেখা যাচ্ছে, মাছের দোকানে তিনি পেমেন্ট করছেন।
বাংলাদেশ ব্যাংকের চালু করা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর। এ ব্যবস্থার মাধ্যমে লেনদেন যেন বাড়ে সেজন্য নানা চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।
এরমধ্যেই গভর্নর এ পদ্ধতি ব্যবহার করে পণ্যমূল্য পরিশোধ করলেন। যা ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে এ পদ্ধতি সম্পর্কে ইতিবাচক বার্তা দেবে বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনে দেশে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ বাংলা কিউআর লেনদেন হতো। এসব লেনদেনের আর্থিক মূল্য ছিল দৈনিক গড়ে ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার বাংলা কিউআর লেনদেন হচ্ছে। এসব লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে গড়ে ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।




