ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ও লভ্যাংশে পতন

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্সের আগের বছরের তুলনায় ২০২৫ সালে মুনাফা কিছুটা কমেছে। যাতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ কমিয়ে এনেছে লভ্যাংশের পরিমাণ।
সোমবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এই কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৬৯ টাকা, যার পরিমাণ আগের বছরে হয়েছিল ৫.০৭ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৩৮ টাকা বা ৭ শতাংশ।
মুনাফায় এই পতনের কারণে কোম্পানিটির পর্ষদ আগের বছরের ১৭ শতাংশ (১৫% নগদ ও ২% বোনাস) লভ্যাংশ থেকে কমিয়ে ২০২৫ সালের জন্য শুধুমাত্র ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিবিএইচ ফাইন্যান্সের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ৪ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এদিকে ডিএসইতে একইদিনে ডিবিএইচ ফাইন্যান্সের চলতি অর্থবছরের ৩ মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) ব্যবসায়িক তথ্য প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে কোম্পানিটির ২৬ শতাংশ উত্থানের তথ্য প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, কোম্পানিটির ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৯৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৭ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.২০ টাকা বা ২৬ শতাংশ।
গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০.৫১ টাকায়।




