কনফিডেন্স পাওয়ার
যোগ্য বিনিয়োগকারীদের ফাঁদ

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ারের দাম নির্ধারণে যোগ্য বিনিয়োগকারীদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে নিলামে অতিমূল্যে দর নির্ধারণের পর তালিকাভুক্তিতে বিনিয়োগকারীদের লোকসানের মুখে পড়তে হয়েছে। এবার সেই বিতর্কে এসেছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড। কোম্পানিটির শেয়ারের ইন্ডিকেটিভ প্রাইস ২৪২ টাকা নির্ধারণ করেছেন যোগ্য বিনিয়োগকারীরা। অথচ একই খাতের কয়েকটি তালিকাভুক্ত কোম্পানির শেয়ার অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এতে কনফিডেন্স পাওয়ারের শেয়ারমূল্য নির্ধারণে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৮টি মার্চেন্ট ব্যাংক, ২৭টি স্টক ব্রোকারেজ হাউজ, ১৯টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং অন্যান্য ১৫টি প্রতিষ্ঠানের যোগ্য বিনিয়োগকারীদের প্রস্তাবের ভিত্তিতে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির শেয়ারের এই ইন্ডিকেটিভ প্রাইস ২৪২ টাকা নির্ধারিত হয়েছে।
তবে অতীতের অভিজ্ঞতা থেকে এমন দর প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার নিলামে যোগ্য বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৭৬৫ টাকা পর্যন্ত দর প্রস্তাব করেছিলেন। অথচ পরবর্তী সময়ে বাজারে শেয়ারটির দাম ৩৩০ টাকায় নেমে এলেও ওই বিনিয়োগকারীদের কেনার আগ্রহ দেখা যায়নি বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ করা হয়েছে। নিলামে যে দামে কেনার আগ্রহ দেখানো হয়েছিল, বাজারে কম দামেও সেই প্রতিফলন দেখা যায়নি।
বাজার-সংশ্লিষ্টদের মতে, বুক বিল্ডিং পদ্ধতিতে যোগ্য বিনিয়োগকারীদের দর প্রস্তাবের উদ্দেশ্য শেয়ারের যৌক্তিক মূল্য নির্ধারণে সহায়তা করা। কিন্তু নিলামে উচ্চমূল্যের প্রস্তাব দিয়ে কাট-অফ প্রাইস বা ইন্ডিকেটিভ প্রাইস বাড়ানোর পর তালিকাভুক্তির পর সেই দামে আগ্রহ না থাকলে মূল্য নির্ধারণ প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। এতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য উচ্চমূল্যে শেয়ার কেনার ঝুঁকি তৈরি হয়।
একই খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারদর ও আর্থিক সূচক বিবেচনায় এই প্রশ্ন আরও জোরালো হয়। বর্তমানে ইউনাইটেড পাওয়ার, সামিট পাওয়ার, ডরিন পাওয়ার, বারাকা পতেঙ্গা ও শাহজিবাজার পাওয়ারের শেয়ার তুলনামূলক কম দামে লেনদেন হচ্ছে। এসব কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস), মূল্য-আয় অনুপাত (পিই) ও লভ্যাংশের তথ্যের সঙ্গে তুলনা করলে কনফিডেন্স পাওয়ারের ২৪২ টাকা দামের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
এ বিষয়ে ইন্ডিকেটিভ দর নির্ধারণে প্রস্তাবকারী এক মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আগামীর সময়কে বলেছেন, ‘আমরা বর্তমান বাজার অবস্থা ও কোম্পানির পারফরম্যান্স বিবেচনায় ১৮১ টাকা দর প্রস্তাব করেছি। এ ছাড়া ভবিষ্যৎ ঝুঁকি কী আসতে পারে, সেটি তো বাদ রয়েছে। এমনকি কোম্পানিটি থেকে একটি সিস্টার কনসার্নে আইপিওর ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে, যে কোম্পানির বিষয়ে প্রসপেক্টাসে বিস্তারিত কোনো তথ্য নেই।’
আরেক মার্চেন্ট ব্যাংকের সিইও আগামীর সময়কে বলেছেন, ‘১০০ টাকার ওপরে যদি কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়, সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ শেয়ারবাজারে অনেক কোম্পানি রয়েছে কনফিডেন্স পাওয়ারের চেয়ে বেশি বিনিয়োগযোগ্য।’
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউনাইটেড পাওয়ারের ইপিএস ১৫ টাকা ৯৪ পয়সা, পিই ৫ দশমিক ৯২, বাজারদর ১১০ টাকা ৬০ পয়সা এবং লভ্যাংশ ৬০ শতাংশ। শাহজিবাজার পাওয়ারের ইপিএস ৬ টাকা ৪ পয়সা, পিই ১২ দশমিক ৪১, শেয়ারদর ৭২ টাকা ও লভ্যাংশ ৪০ শতাংশ।
সামিট পাওয়ারের ইপিএস ১ টাকা ৪ পয়সা, পিই ৭ দশমিক ৪৫, শেয়ারদর ১৬ টাকা ১০ পয়সা ও লভ্যাংশ ১০ দশমিক ৫০ শতাংশ। ডরিন পাওয়ারের ইপিএস ৫ টাকা ৩ পয়সা, পিই ৪ দশমিক ৭৩, শেয়ারদর ৪২ এবং লভ্যাংশ ১৫ শতাংশ। বারাকা পতেঙ্গার ইপিএস ৩ টাকা ৪৮ পয়সা, পিই ৪ দশমিক ৬৮, শেয়ারদর ২৫ টাকা ১০ পয়সা ও লভ্যাংশ ৫ শতাংশ।
অন্যদিকে কনফিডেন্স পাওয়ারের ইপিএস ৩১ টাকা ৮৩ পয়সা, পিই ৭ দশমিক ৬০, ইন্ডিকেটিভ প্রাইস ২৪২ টাকা এবং কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।



