সব সূচকেই প্রবৃদ্ধি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ অর্থবছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হবে।
এক মূল্য সংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে বিষয়টি জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানির ঘোষণা অনুযায়ী, ২৬তম এজিএম আগামী ২৯ জুন ২০২৬, সোমবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মে ২০২৬।
প্রকাশিত পিএসআইতে ২০২৫ অর্থবছরে কোম্পানিটির আর্থিক সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এই সময়ে করপরবর্তী মুনাফা হয়েছে ১০ কোটি ৪৭ লাখ টাকা, যা আগের বছরের ১০ কোটি টাকার তুলনায় বেশি। একই ভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.১৫ টাকা যা ২০২৪ সালে ছিল ২১.২৭ টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ২.৪২ টাকা, যা আগের বছর ছিল ২.৩১ টাকা। শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১.৬০ টাকা, যা আগের বছরের ১.৪০ টাকার তুলনায় বেশি।
কোম্পানিটির আয়, এনএভি ও নগদ প্রবাহ— তিনটিই বৃদ্ধির ধারায় রয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক সংকেত। তবে লভ্যাংশ হার তুলনামূলক মাঝামাঝি পর্যায়ে থাকায় বাজার প্রতিক্রিয়া নির্ভর করবে বিনিয়োগকারীদের প্রত্যাশার ওপর।
উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৩ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে ৩৫.৭২ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে।



