ইউরোপের বাজারে রেনাটার বিস্তার

লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি দেশি-বিদেশি বাজারে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখেছে। সম্প্রতি ইউরোপের নেদারল্যান্ডসে নতুন ওষুধ বাজারজাত শুরু করেছে কোম্পানিটি। অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসের বাজারে পারকিনসন রোগের উপসর্গ উপশমে ব্যবহৃত অ্যামান্টাডিন হাইড্রোক্লোরাইড ক্যাপসুল বাজারজাত শুরু করেছে রেনাটা। ১০০ মিলিগ্রামের এই ওষুধের প্রতি প্যাকে রয়েছে ৫৬টি ক্যাপসুল। বাংলাদেশে একই ওষুধ ‘মন্টাডিন’ নামে বাজারজাত করে কোম্পানিটি।
ওষুধটি তৈরি হচ্ছে রেনাটার রাজেন্দ্রপুরের উৎপাদনকেন্দ্রে। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ উৎপাদনসংক্রান্ত মানদণ্ড (ইইউ-জিএমপি) অনুযায়ী অনুমোদনপ্রাপ্ত এই উৎপাদনকেন্দ্র থেকে নেদারল্যান্ডসে ওষুধ সরবরাহের মাধ্যমে ইউরোপের বাজারে নিজেদের অবস্থান আরও বিস্তৃত করছে প্রতিষ্ঠানটি।
এদিকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রেনাটার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ মুনাফা ছিল ৬ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা প্রায় ৩৭ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সা।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রেনাটার পরিচালনা পর্ষদ। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩১ টাকা ৭৬ পয়সা এবং ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩২৯ টাকা ১৯ পয়সা। আগের ২০২৪-২৫ অর্থবছরেও ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ওই বছর শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৯ টাকা ৩৬ পয়সা।
কোম্পানিটির ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ১৫ নভেম্বর।



