জাপানি কোম্পানির হাতে যাচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল
- অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন

সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য জাপানি কোম্পানির কাছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জাপানি কোম্পানির সঙ্গে কনসেশন চুক্তি করতে যাচ্ছে। চুক্তির আওতায় অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পাবে সরকার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০০ কোটি টাকা। পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহন থেকে অর্জিত রাজস্বের অংশও পাবে সরকার।
গতকাল সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) মাধ্যমে টার্মিনাল-৩ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, থার্ড টার্মিনাল নির্মাণের পর এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে জাপানি কোম্পানিটি আর্থিক প্রস্তাব জমা দেয়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রস্তাবটি যাচাই-বাছাই শেষে দরকষাকষি সম্পন্ন করে। পরে প্রস্তাবিত কনসেশন চুক্তি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মাধ্যমে ভেটিং করা হয়। ভেটিং শেষে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, টার্মিনাল-৩ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কনসেশন মেয়াদ হবে ১৫ বছর। এজন্য জাপানি কোম্পানিকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার দিতে হবে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ মার্কিন ডলার এবং কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি টনে ১১ দশমিক ৫ মার্কিন ডলার সরকার পাবে।
এ ছাড়া এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এ খাতে স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা নেওয়া হয়। গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমেও শর্ত রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সম্পন্ন করবে। প্রকল্প হস্তান্তরের তারিখ থেকে ১৪ মাসের মধ্যে টার্মিনাল-৩-এর পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। ২০১৬ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।



