অডিট আপত্তি ১৬ হাজার কোটিতে

গ্রাফিকস: আগামীর সময়
দেশের বহুল আলোচিত মেগা প্রকল্পগুলোর অন্যতম পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প শেষ হয়েও শেষ হচ্ছে না। সর্বশেষ বর্ধিত মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত, কিন্তু এর মধ্যে সব কাজ শেষ হয়নি। এ ছাড়া প্রকল্পটিতে ৮৮টি অডিট আপত্তি রয়েছে, যার বিপরীতে টাকার পরিমাণ ১৬ হাজার ৫৮৭ কোটি ৯৫ লাখ টাকা। গত জুন পর্যন্ত এসব আপত্তি নিষ্পত্তি হয়নি এবং পরিকল্পনা অনুযায়ী বেশ কিছু অবকাঠামো নির্মাণও শেষ হয়নি। এসব বিবেচনায় ব্যয় না বাড়িয়ে মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। ফলে রেলপথ আগেই চালু হলেও প্রকল্পটির মেয়াদ দাঁড়াচ্ছে সাড়ে ১১ বছরে। গত ৯ জুন রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে এ-সংক্রান্ত চিঠি দেয় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ।
এ প্রসঙ্গে আইএমইডির সাবেক সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন আগামীর সময়কে বলেছেন, প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হলে অবশ্যই অডিট আপত্তিগুলো নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এগুলো আরও আগেই করা উচিত ছিল। তবে খতিয়ে দেখতে হবে কেন এত সময় লাগছে।
তিনি আরও বলেছেন, আইএমইডি যখন শর্ত দেয় তখন একটা চাপ সৃষ্টি হয়। এর একটা ফল পাওয়া যায়। অনেক সময় পিডিদের অজ্ঞতার কারণেও অডিট আপত্তি হয়। তখন তারা শেখে এবং পরবর্তী কোনো প্রকল্পে আর একই ভুল হয় না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বর্ধিত মেয়াদের মধ্যে অডিট আপত্তিগুলো শেষ হবে কি না, সেটি নির্ভর করছে প্রকল্প সংশ্লিষ্টদের তৎপরতা ও আন্তরিকতার ওপর।
সূত্র জানায়, রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ের বাস্তবায়নাধীন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যয় না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধির আবেদন পরিকল্পনা কমিশনে জানানো হয়। এ পরিপ্রেক্ষিতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সুপারিশে দ্বিতীয় দফায় ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। প্রকল্পটির মূল মেয়াদ ছিল ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। কাজ শেষ না হওয়ায় পরে ২০২৫ সালের ৩০ জুন ও ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। এতেও শেষ না হওয়ায় এবার আরও এক বছর বাড়ল।
প্রকল্পটির মূল ব্যয় ছিল ৩৪ হাজার ৯৮৯ কোটি টাকা, যা পরে বাড়িয়ে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা করা হয়। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার পর্যালোচনা করে ব্যয় কমিয়ে ৩৮ হাজার ৬১০ কোটি টাকা করে। এতে ঋণ দিচ্ছে চীন।
অডিট আপত্তি বিষয়ে পরিকল্পনা কমিশনের ওই সময়ের দায়িত্বশীল এক কর্মকর্তা আগামীর সময়কে বলেছেন, ‘যখন মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল, তখন পর্যন্ত অডিট আপত্তিগুলো অনিষ্পন্ন ছিল। এ বিষয়টি আইএমইডি দেখেছিল। আমরা পরিকল্পনা কমিশন থেকে অডিট আপত্তির বিষয়টি দেখি না। আইএমইডির মেয়াদ বাড়ানোর জন্য দেওয়া শর্তের মধ্যে এ বিষয়টি ছিল। তাই আমরা মেয়াদ বৃদ্ধির চিঠিতে এটি তুলে ধরেছি। তবে যতদিন পরিকল্পনা কমিশনে ছিলাম, অডিটের বিষয়টির কোনো আপডেট পাইনি।’
মেয়াদ বাড়ানোর বিষয়ে আইএমইডির শর্তে বলা হয়েছে, নিমতলায় ভবিষ্যতে আইসিডি নির্মাণে প্রায় ১১৬ একর এবং ঢাকা, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ ও নড়াইল জেলায় প্রায় ৩৫ একর ভূমি অধিগ্রহণ চলমান রয়েছে; যা দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে নিবিড় যোগাযোগ রাখতে হবে। ভাঙ্গা জংশন ওভারহেড স্টেশন, অফিস ভবন ও সিটিসি ভবনে সিগন্যালিং ইকুইপমেন্ট কমিশনিংসহ সংশ্লিষ্ট কাজ কর্মপরিকল্পনা অনুযায়ী মেয়াদের মধ্যে শেষ করতে হবে। ১৬ হাজার ৫৮৭ কোটি ৯৫ লাখ টাকা সংশ্লেষের ৮৮টি অনিষ্পন্ন অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী সংস্থাকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত মূল্যবান অবকাঠামো ও যন্ত্রপাতির যথাযথ সংরক্ষণ ও নিরাপত্তা প্রকল্প গ্রহণের আগেই নিশ্চিত করতে হবে। এ ছাড়া মাসিক অগ্রগতিসহ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ এবং উদ্ভূত সমস্যা সম্পর্কে মতামত এবং মনিটরিংয়ে ডিপিপির সংস্থান অনুযায়ী নিয়মিত পিআইসি ও পিএসসি সভা করতে হবে।



