বীমা খাতে সিএফও নিয়োগে কঠোর হলো আইডিআরএ

সংগৃহীত ছবি
বীমা খাতে আর্থিক সুশাসন নিশ্চিত করতে প্রধান আর্থিক কর্মকর্তা (চিফ ফিন্যান্সিয়াল অফিসার বা সিএফও) নিয়োগ ও যোগ্যতার বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নতুন নির্দেশনা অনুযায়ী, বীমা প্রতিষ্ঠানে সিএফও নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত পেশাগত যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি নিয়োগের আগে আইডিআরএর অনুমোদন নিতে হবে।
নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, এত দিন অনেক বীমা প্রতিষ্ঠানে উপযুক্ত এবং পেশাদার সিএফও নিয়োগ না করায় নানা অনিয়ম ও সুশাসনের ঘাটতি তৈরি হচ্ছিল। এটি বীমা খাতের সার্বিক উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল।
বুধবার (২৮ অক্টোবর) আইডিআরএর আইন অনুবিভাগের আইন, বিধি ও প্রবিধান প্রণয়ন শাখা থেকে জারি করা জিএডি সার্কুলার নম্বর ২১/২০২৬-এ এসব নির্দেশনা দেওয়া হয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ১৫(প) ধারা অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে অবিলম্বে সার্কুলারটি কার্যকর করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, বীমা প্রতিষ্ঠানে সিএফও হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রার্থীকে নির্দিষ্ট জাতীয় বা আন্তর্জাতিক পেশাগত হিসাববিজ্ঞান ও অর্থসংক্রান্ত যোগ্যতার অধিকারী হতে হবে। এ যোগ্যতার মধ্যে রয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) অথবা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের (আইসিএইডব্লিউ) ফেলো বা সহযোগী সদস্যপদ।
এ ছাড়া যুক্তরাষ্ট্র বা কানাডার সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (সিপিএ) সনদ, যুক্তরাজ্যের অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টসের (এসিসিএ) ফেলো বা সহযোগী সদস্যপদ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের (আইসিএমএবি) ফেলো বা সহযোগী সদস্যপদ গ্রহণযোগ্য হবে। যুক্তরাষ্ট্রের চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সনদধারীরাও এ পদে নিয়োগের যোগ্য বলে বিবেচিত হবেন। এ ছাড়া আইসিএবি বা আইসিএমএবি কর্তৃক স্বীকৃত বিদেশের অন্য কোনো হিসাববিজ্ঞানবিষয়ক পেশাগত যোগ্যতার সনদধারীরাও এ যোগ্যতার আওতায় থাকবেন।
সিএফও নিয়োগ ও দায়িত্বে বহাল রাখার ক্ষেত্রে কয়েকটি ধাপে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে আইডিআরএ। সার্কুলার জারির পর থেকে কোনো বীমা প্রতিষ্ঠান নতুন সিএফও নিয়োগ দিতে চাইলে নিয়োগের আগেই সংশ্লিষ্ট প্রার্থীর বিস্তারিত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য উল্লেখ করে আইডিআরএর কাছে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের পূর্বানুমোদন পাওয়ার পরই কেবল নিয়োগ কার্যকর করা যাবে।
বর্তমানে বীমা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত যেসব সিএফওর প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা রয়েছে, তাদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে বিস্তারিত যোগ্যতার তথ্যসহ আইডিআরএর কাছে অনুমোদনের জন্য আবেদন করতে হবে। কর্তৃপক্ষের অনুমোদন পেলে তারা সিএফও হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারবেন।
অন্যদিকে, বর্তমানে কর্মরত কোনো সিএফওর নির্ধারিত পেশাগত যোগ্যতা না থাকলে সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আবশ্যিকভাবে ওই যোগ্যতাসম্পন্ন উপযুক্ত ব্যক্তিকে সিএফও পদে নিয়োগের জন্য আইডিআরএর পূর্বানুমোদন নিতে হবে।




