বীমা খাতে অনিয়ম রোধে কঠিন পদক্ষেপ
- মতবিনিময়ে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ
বীমা খাতে অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতি অত্যন্ত গভীরভাবে শিকড় গেড়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই খাতকে শৃঙ্খলায় ফেরাতে কঠোর পদক্ষেপ নেবে সরকার।
গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ করতে হবে। প্রয়োজনে নগদ অর্থের সংকট থাকলে কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও বীমা দাবি মেটানোর নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী এসব কথা জানিয়েছেন।
অর্থমন্ত্রী বলেছেন, মানুষ কষ্টের উপার্জিত অর্থ দিয়ে ভবিষ্যতের নিরাপত্তার জন্য বীমা করেন, অথচ অনেক কোম্পানি বীমা দাবি পরিশোধ করছে না। বর্তমানে প্রায় ৫৭ শতাংশ বীমা দাবি অনিষ্পন্ন অবস্থায় রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো কোনো কোম্পানি গ্রাহকের পাওনা আটকে রেখে জমি বা সম্পদ কিনেছে। তাই নগদ অর্থের সংকট থাকলে সেসব সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকের পাওনা মেটাতে হবে।



